কারাবন্দি সাংবাদিকদের মুক্তির জন্য সিপিজে’র আহ্বান
কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (CPJ) বাংলাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের কাছে একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলাগুলো প্রত্যাহার করার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ এবং কারাবন্দি সাংবাদিক ফারজানা রূপা, শাকিল আহমেদ, মোজাম্মেল হক বাবু ও শ্যামল দত্তের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে তাঁদের মুক্তির আহ্বান জানানো হয়েছে।
এই সাংবাদিকরা ১৮ মাসেরও বেশি সময় ধরে হত্যা মামলায় আটক রয়েছেন, যার বিপরীতে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি এবং এখন পর্যন্ত কোনো অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয়নি।
চিঠিতে সিপিজে উল্লেখ করেছে যে, পূর্ববর্তী সরকারের আমলে এই সাংবাদিকদের গ্রেপ্তার করার বিষয়টি রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে প্রতিশোধমূলক পদক্ষেপ বলে মনে হয়েছে। প্রায় ৬০০ দিন অতিবাহিত হলেও এবং আইনি বিধি লঙ্ঘন করে, পুলিশ এমন কোনো অভিযোগপত্র জমা দিতে ব্যর্থ হয়েছে।
সিপিজে গুরুতর মানবিক উদ্বেগের বিষয়গুলোও সামনে এনেছে। এরমধ্যে শ্যামল দত্ত হৃদরোগ এবং তীব্র 'স্লিপ অ্যাপনিয়া' (শ্বাসকষ্টজনিত সমস্যা) সমস্যায় ভুগছেন, যা এখনো পরীক্ষা-নিরীক্ষা করা হয়নি। ২০২৩ সালের শেষের দিকে মোজাম্মেল হক বাবুর প্রোস্টেট ক্যানসারের একটি বড় অস্ত্রোপচার হয়েছিল, কিন্তু এরপর থেকে তিনি কোনো ফলো-আপ চিকিৎসা পাননি। ফারজানা রূপাকে ২০২৪ সালের নভেম্বরে দুই সপ্তাহ 'কনডেম সেলে' (মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের জন্য নির্ধারিত কক্ষ) রাখা হয়েছিল।
সিপিজে নতুন সরকারকে তাদের প্রতিশ্রুতি রক্ষা করে অবিলম্বে এই সাংবাদিকদের মুক্তি দেওয়ার অনুরোধ জানিয়েছে।
Comments