যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর নিখোঁজ ও হত্যাকাণ্ড: দূতাবাসের সার্বক্ষণিক তৎপরতা
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি শিক্ষার্থীর নিখোঁজ ও হত্যাকাণ্ডের ঘটনায় শুরু থেকেই সক্রিয় ভূমিকা রেখেছে বাংলাদেশ দূতাবাস ও মায়ামিস্থ কনস্যুলেট জেনারেল।
University of South Florida-এ অধ্যয়নরত জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর থেকেই ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং তদন্তকারী সংস্থাগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রেখেছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে, যাতে তারা প্রয়োজনীয় সহায়তা পেতে পারেন।
মার্কিন আইনশৃঙ্খলা বাহিনী Hillsborough County Sheriff's Office ইতোমধ্যে একজন সন্দেহভাজনকে আটক করেছে এবং তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। তবে তদন্ত এখনো চলমান থাকায় বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না।
এদিকে, মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল সংশ্লিষ্ট মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। নাহিদা সুলতানা বৃষ্টির বিষয়ে চলমান অনুসন্ধানেও দূতাবাস ও কনস্যুলেট নিবিড়ভাবে যুক্ত রয়েছে।
বাংলাদেশ দূতাবাস তদন্তের অগ্রগতির পাশাপাশি যুক্তরাষ্ট্রের স্ট্রেট ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের মূলধারার গণমাধ্যমের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ের মিনিস্টার (প্রেস) গোলাম মোর্তজা সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, এই মর্মান্তিক ঘটনায় দূতাবাস শুরু থেকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় বজায় রেখে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
Comments