জরুরি সেবার যানবাহনে তেলের রেশনিং তুলে নেওয়ার ঘোষণা
পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবা প্রদানকারী যানবাহনের জ্বালানি তেল সংগ্রহের ক্ষেত্রে বিদ্যমান রেশনিং পদ্ধতি বা সীমাবদ্ধতা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আজ রবিবার বিকেলে সংসদ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান।
অধিবেশন চলাকালে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী ফ্লোর নিয়ে জনগুরুত্বপূর্ণ একটি বিষয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি চট্টগ্রামের কর্মস্থল থেকে ফেরার পথে কুমিল্লায় একজন কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধারের ঘটনা উল্লেখ করে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর দক্ষতা বাড়াতে জ্বালানি তেলের রেশনিং তুলে দেওয়া জরুরি।
এর প্রেক্ষিতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদকে আশ্বস্ত করে বলেন, "পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসসহ জরুরি সেবায় নিয়োজিত যানবাহনের ওপর থেকে জ্বালানি ক্রয়ের নিষেধাজ্ঞা ইতিমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে।"
প্রধানমন্ত্রী জানান, সরকার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে দুই দিন আগেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং ওইদিনই তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। যাতে জরুরি সেবার কার্যক্রম যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, তা নিশ্চিত করা। রেশনিং প্রথা উঠে যাওয়ায় এখন থেকে এই সকল যানবাহন প্রয়োজনে সহজ ও স্বাভাবিকভাবে প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে পারবে।
প্রধানমন্ত্রীর এই ঘোষণার ফলে জননিরাপত্তা ও জরুরি চিকিৎসাসেবার ক্ষেত্রে বড় ধরনের স্বস্তি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দুর্যোগকালীন সেবা দ্রুততর করতে এই সিদ্ধান্ত কার্যকর ভূমিকা রাখবে।
Comments