মোংলায় গ্রামীণ পাঠাগার উদ্বোধন বই পড়ার সংস্কৃতিতে নতুন আশা
মোংলার মালগাজীর প্রত্যন্ত গ্রামাঞ্চলে শিক্ষার প্রসারে নতুন এক সংযোজন হিসেবে যাত্রা শুরু করলো 'সতীশ চন্দ্র লাইব্রেরি'।
মাতৃছায়া কটেজ প্রাঙ্গণে স্থাপিত এই লাইব্রেরির উদ্বোধনের মধ্য দিয়ে এলাকাটিতে বইভিত্তিক জ্ঞানচর্চার একটি নতুন দিগন্ত উন্মোচিত হলো।
শনিবার দুপুরে লাইব্রেরিটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম বন রক্ষণ বিভাগের প্রাক্তন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. অনিল চন্দ্র বসাক।
একই অনুষ্ঠানে প্রাক্তন বন গবেষক ও লেখক দীপক চন্দ্র সরকারের লেখা তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন চাঁদপাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ফ্রান্সিস সুদান হালদার, ফাদার মারিনো রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি সুভাস বিশ্বাসসহ স্থানীয় শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউটের প্রাক্তন অধ্যক্ষ ড. শিশির কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, গ্রামীণ এলাকায় বইচর্চা ও জ্ঞানভিত্তিক পরিবেশ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উদ্বোধনের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে লাইব্রেরির জন্য বই উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
লাইব্রেরি প্রতিষ্ঠাতা দীপক চন্দ্র সরকার বলেন, তার পিতৃভূমিতে পিতা সতীশ চন্দ্রের স্মৃতিকে ধারণ করে এই লাইব্রেরি গড়ে তোলা হয়েছে।
তিনি বলেন, "বর্তমান সময়ে মানুষ মোবাইলনির্ভর হয়ে পড়ছে। বই পড়ার অভ্যাস কমে যাচ্ছে। এই লাইব্রেরির মাধ্যমে নতুন প্রজন্মকে আবার বইয়ের দিকে ফিরিয়ে আনার চেষ্টা করছি।"
স্থানীয়রা মনে করছেন, এই উদ্যোগ গ্রামীণ শিক্ষার পরিবেশে ইতিবাচক পরিবর্তন আনবে এবং তরুণদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে সহায়তা করবে।
Comments