২০৩৩ সালের মধ্যে বাস্তবায়িত হবে স্বপ্নের ‘পদ্মা ব্যারেজ প্রকল্প’
পদ্মা অববাহিকার বিশাল কৃষি অঞ্চলকে মরুময়তার হাত থেকে রক্ষা করতে এবং শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে 'পদ্মা ব্যারেজ প্রকল্প' গ্রহণের চূড়ান্ত ঘোষণা দিয়েছে সরকার। ২০২৬ সালে শুরু হয়ে ২০৩৩ সালের জুন মাসের মধ্যে এই মেগা প্রকল্পটি বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এ তথ্য জানান।
মন্ত্রী জানান, প্রস্তাবিত এই ব্যারেজটি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের জন্য একটি 'লাইফলাইন' হিসেবে কাজ করবে। দেশের মোট আয়তনের প্রায় এক-তৃতীয়াংশ এলাকা এই প্রকল্পের আওতাভুক্ত, যেখানে প্রায় সাড়ে ৬ কোটি মানুষের জীবন-জীবিকা সরাসরি জড়িত। তিনি এই প্রকল্পকে নদী-নির্ভরশীল মানুষের জন্য একটি "জীবন রক্ষাকারী উদ্যোগ" হিসেবে অভিহিত করেন।
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম অগ্রাধিকারমূলক এই প্রকল্পের জন্য পানিসম্পদ মন্ত্রণালয় ইতোমধ্যে ডিপিপি (DPP) প্রণয়ন করে পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ টাকা।
মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, ২০২৬ সাল থেকে পুরোদমে কাজ শুরু হয়ে ২০৩৩ সালের মধ্যে প্রকল্পটি সম্পন্ন হলে দেশের কৃষি ও অর্থনীতিতে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে।
Comments