স্বামীর মুখে দুর্গন্ধ, অতিষ্ঠ হয়ে থানায় অভিযোগ স্ত্রীর
চাঁদপুরের শাহরাস্তিতে এক বিচিত্র অথচ উদ্বেগজনক ঘটনার খবর পাওয়া গেছে। স্বামীর মুখের তীব্র দুর্গন্ধ এবং এর জেরে সৃষ্ট পারিবারিক অশান্তি সইতে না পেরে শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হয়েছেন এক ভুক্তভোগী স্ত্রী। উপজেলার রায়েশ (সুদুর বাড়ি) এলাকায় এই ঘটনাটি ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, রায়েশ এলাকার বাসিন্দা পারভীন আক্তার (৫০) তার স্বামী হেলাল আলীর বিরুদ্ধে শাহরাস্তি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পারভীন আক্তারের দাবি, তার স্বামীর মুখে দীর্ঘদিন ধরে তীব্র দুর্গন্ধ রয়েছে। দাম্পত্য জীবনে স্বাচ্ছন্দ্য বজায় রাখতে তিনি বারবার তার স্বামীকে মুখ পরিষ্কার রাখা বা চিকিৎসা নেওয়ার অনুরোধ জানিয়ে আসছিলেন।
লিখিত অভিযোগে ভুক্তভোগী নারী উল্লেখ করেন, স্বামীর মুখের দুর্গন্ধের কারণে বর্তমানে একই ঘরে বা সাথে বসবাস করা তার জন্য দুঃসাধ্য হয়ে পড়েছে। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার কথা বললে স্বামী হেলাল আলী তা শোধরানোর পরিবর্তে ক্ষিপ্ত হয়ে ওঠেন। এই তুচ্ছ মনে হওয়া বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে ঝগড়া ও পারিবারিক কলহ চলে আসছে। অভিযোগ অনুযায়ী, স্বামী তাকে প্রায়ই শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন।"আমি দীর্ঘদিন ধরে সহ্য করেছি। পরিষ্কার থাকতে বললে তিনি উল্টো আমাকে গালমন্দ ও মারধর করেন। এভাবে একই ঘরে থাকা আমার জন্য অসম্ভব হয়ে পড়েছে।"
বিষয়টি নিশ্চিত করে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহাবুর রহমান জানান, পারভীন আক্তারের লিখিত অভিযোগটি তারা গ্রহণ করেছেন। তিনি বলেন, "এটি একটি সংবেদনশীল পারিবারিক বিষয়। আমরা অভিযোগটি গুরুত্ব সহকারে দেখছি এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
বর্তমানে এলাকায় এই ঘটনাটি বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা বিষয়টিকে অস্বাভাবিক মনে করলেও দাম্পত্য কলহ ও নির্যাতনের অবসান চান তারা।
Comments