কেরানীগঞ্জে লাইটার কারখানায় আগুনে ৬ জনের মৃত্যু: বিএনপি নেতা ইমান উল্লাহ মাস্তান গ্রেফতার
দক্ষিণ কেরানীগঞ্জের আমবাগিচা এলাকায় এস আর লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ শ্রমিক নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় স্থানীয় বিএনপি নেতা ও আগানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমান উল্লাহ মাস্তান (৫৫)-কে গ্রেফতার করেছে পুলিশ।রোববার (৫ এপ্রিল) দুপুর প্রায় ৩টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ইমান উল্লাহ মাস্তানের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। তবে রোববার এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়নি। আদালত আগামী সোমবার রিমান্ড শুনানির দিন নির্ধারণ করেছেন।বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, আবাসিক এলাকার মধ্যে গড়ে ওঠা ওই কারখানায় দীর্ঘদিন ধরে অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে গ্যাস লাইটার তৈরি করা হচ্ছিল। অভিযোগ রয়েছে, কারখানাটি বাইরে থেকে তালাবদ্ধ রেখে শ্রমিকদের কাজ করানো হতো। আগুন লাগার সময় ভেতরে আটকা পড়ে শ্রমিকরা বের হতে না পেরে দগ্ধ হন। এতে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়।ঘটনার পর ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং কারখানার ভেতর থেকে মরদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে নারী শ্রমিকও রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তিনজনের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
এ ঘটনায় কারখানা মালিকপক্ষের অবহেলা, নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি এবং আবাসিক এলাকায় ঝুঁকিপূর্ণ কারখানা পরিচালনার বিষয়টি সামনে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনার সঙ্গে জড়িত সব ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও দায়ীদের চিহ্নিত করতে গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে।
Comments