প্রাইম ব্যাংকের ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক পিএলসির পর্ষদ সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।
এর মধ্যে ২৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে ২৪ শতাংশ। গতকাল অনুষ্ঠিত সভায় সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি লভ্যাংশ ঘোষণা করেছে ব্যাংকটির পর্ষদ।
আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২৫ হিসাব বছরে প্রাইম ব্যাংকের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৯১০ কোটি টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৭৩২ কোটি টাকা। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৮৪ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ৬ টাকা ৩১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০ টাকায়। এ সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৫৮ টাকা ৭ পয়সা। ডিসেম্বর, ২০২৫ শেষে ব্যাংকটির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৬৪ হাজার ৮৯০ কোটি টাকায়। প্রাইম ব্যাংকের ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততার হার (সিআরএআর) দাঁড়িয়েছে ১৮ দশমিক শূন্য ৭ শতাংশে। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২১ মে বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে এবং এ-সংক্রান্ত রেকর্ড ডেট ২৮ এপ্রিল।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে ব্যাংকটির পর্ষদ। এর মধ্যে ১৭ দশমিক ৫০ শতাংশ নগদ ও ২ দশমিক ৫০ শতাংশ স্টক লভ্যাংশ। এর আগের ২০২৩ ও ২০২২ হিসাব বছরে সাড়ে ১৭ শতাংশ হারে নগদ লভ্যাংশ পেয়েছেন ব্যাংকটির শেয়ারহোল্ডাররা।
প্রাইম ব্যাংকের সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে 'এএএ' ও স্বল্পমেয়াদে 'এসটি-১'। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।
২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ১৬০ কোটি ৫৯ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২ হাজার ৫৭৫ কোটি ৪৯ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১১৬ কোটি ৫ লাখ ৯০ হাজার ৫৬৩। এর ৩৭ দশমিক ৫৩ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৪ দশমিক ৫৩, বিদেশী বিনিয়োগকারী ৭ দশমিক শূন্য ৪ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২০ দশমিক ৯০ শতাংশ শেয়ার রয়েছে।
Comments