আজ থেকে ৯টা-৪টা অফিস, সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ
জ্বালানিসংকটের প্রেক্ষাপটে আজ রবিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। পাশাপাশি সব বিপণিবিতান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ করতে হবে সন্ধ্যা ৬টার মধ্যে।
শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।
জরুরি পরিষেবাগুলো এ সময়সূচির আওতার বাইরে থাকবে। আদালতের সময়সূচি নির্ধারণে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে। আর বেসরকারি খাতের শিল্পপ্রতিষ্ঠান ও কলকারখানার কর্মঘণ্টা নির্ধারণ করবে শ্রম আইন অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
জরুরি পরিষেবার মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাসসহ অন্যান্য জ্বালানি সেবা, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবা, ডাকসেবা, এ-সংক্রান্ত যানবাহন ও কর্মী, হাসপাতাল, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন এবং গণমাধ্যম।
ব্যাংকের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আজ থেকে তফসিলি ব্যাংকগুলোর লেনদেনের সময় এক ঘণ্টা কমানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, রবিবার থেকে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। তবে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে। তবে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা, উপশাখা ও বুথ আগের মতোই ২৪ ঘণ্টা চালু থাকবে।
এদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ের কর্মপরিকল্পনা নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করে শিক্ষা মন্ত্রণালয় পরবর্তী মন্ত্রিসভা বৈঠকে প্রস্তাব উপস্থাপন করবে বলে আগেই জানানো হয়েছে।
Comments