ইরান যুদ্ধের মাঝে মার্কিন সেনাপ্রধান বরখাস্ত
ইরান যুদ্ধের মাঝেই আমেরিকার সেনাবহিনীর শীর্ষ পদে পরিবর্তন এসেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) মার্কিন সেনাপ্রধান (চিফ অব স্টাফ) জেনারেল র্যান্ডি জর্জকে বরখাস্ত করেছেন দেশটির প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। মার্কিন শীর্ষ কয়েকজন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম সিবিএস নিউজ এ তথ্য প্রকাশ করেছে।এর কিছুক্ষণ পরেই পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে বলেছেন, জর্জ সেনাবাহিনীর ৪১তম চিফ অব স্টাফের পদ থেকে অবসর গ্রহণ করেছেন।
তবে সেনাপ্রধান সাধারণত চার বছরের জন্য দায়িত্ব পালন করেন।
বরখাস্তকৃত সামরিক কর্মকর্তা জর্জ ২০২৩ সালে সেনাপ্রধান হিসেবে মনোনীত হন। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন তাকে এ পদের জন্য মনোনীত করেছিলেন। মার্কিন সেনাপ্রধান ওয়েস্ট পয়েন্ট মিলিটারি একাডেমি থেকে স্নাতক সম্পন্ন করা পেশাদার সামরিক কর্মকর্তা ছিলেন।
উপসাগরীয় যুদ্ধ এবং ইরাক ও আফগানিস্তানের সংঘাতগুলোতে জর্জ বিভিন্ন ইউনিটের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
এদিকে ইরান যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ 'খুব শিগগিরই' শেষ হবে বলে আশা করা হচ্ছে। এর পরেই এ সর্বশেষ সেনাবাহিনীতে বড় রদবদলটি এলো।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তা সিবিএসকে বলেছেন, আমরা তার সেবার জন্য কৃতজ্ঞ, কিন্তু সেনাবাহিনীতে নেতৃত্ব পরিবর্তনের সময় এসেছে।পেন্টাগনের মুখপাত্র পার্নেল বলেছেন, যুদ্ধ বিভাগ আমাদের জাতির প্রতি জেনারেল জর্জের কয়েক দশকের সেবার জন্য কৃতজ্ঞ। আমরা তার অবসর জীবন কামনা করি।
মার্কিন গণমাধ্যমের তথ্য অনুসারে, জেনারেল জর্জের স্থলাভিষিক্ত হিসেবে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন জেনারেল ক্রিস্টোফার লানিভ। তিনি এর আগে প্রতিরক্ষা সচিবের সামরিক উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন।
পর্যবেক্ষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক প্রস্তুতি তুঙ্গে এবং এলিট ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের হাজার হাজার সৈন্য সেখানে অবস্থান নিয়েছে।এমন যুদ্ধকালীন মুহূর্তে সেনাপ্রধানকে বরখাস্ত করার ঘটনা নজিরবিহীন। অচমকা সেনাপ্রধানের অপসারণ পেন্টাগনের ভেতরে চরম অস্থিরতারই ইঙ্গিত দিচ্ছে বলেও জানান তারা। উল্লেখ্য,এর আগে গত বছর জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল সি.কিউ. ব্রাউনসহ নৌ ও বিমানবাহিনীর বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকেও বরখাস্ত করা হয়েছিল।
Comments