ঝালকাঠিতে বিপুল পরিমাণ অবৈধ পলিথিনসহ দুটি মিনিট্রাক জব্দ
ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিপুল পরিমাণ অবৈধ পলিথিনসহ দুটি মিনিট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। স্থানীয়দের সহযোগিতায় পরিচালিত এই অভিযানে একটি প্লাস্টিক কারখানার বিরুদ্ধে দীর্ঘদিনের অবৈধ কার্যক্রমের অভিযোগও উঠে এসেছে।
বুধবার রাতে রাজাপুর উপজেলার মেডিকেল মোড় এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় "মায়ের দোয়া" নামের একটি রিসাইক্লিং প্লাস্টিক কারখানার সামনে থেকে বিপুল পরিমাণ অবৈধ পলিথিন বোঝাই দুটি মিনিট্রাক জব্দ করা হয়। স্থানীয়রা জানায়, কারখানার আড়ালে দীর্ঘদিন ধরে ওসমান নামের এক ব্যক্তি অবৈধভাবে পলিথিন উৎপাদন ও সরবরাহ করে আসছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি জানান, এর আগেও একই কারখানার মালিককে অবৈধ পলিথিন সংরক্ষণের দায়ে জরিমানা করা হয়েছিল। জব্দকৃত পলিথিন পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে প্রশাসন। পরিবেশের জন্য ক্ষতিকর এই অবৈধ পলিথিনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Comments