ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রীর নির্বাচনী ব্যয় ২৩ লাখ টাকা: ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী হিসেবে বিজয়ী প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ব্যয়ের হিসাব প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৩০ মার্চ) ইসির কর্মকর্তারা জানান, ওই নির্বাচনে প্রধানমন্ত্রীর মোট ব্যয় হয়েছে ২৩ লাখ টাকা, যা নির্ধারিত ব্যয়সীমার মধ্যেই রয়েছে। ইসি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ব্যয়ের প্রধান খাতগুলো হচ্ছে: প্রচার-প্রচারণা- ৫ লাখ ৫০ হাজার টাকা। নির্বাচনী এজেন্ট ও স্টাফ- ৯ লাখ ৮৪ হাজার টাকা। ক্যাম্প পরিচালনা- ৩ লাখ ৬০ হাজার টাকা। জনসভা আয়োজন- ১ লাখ ৮০ হাজার টাকা। পরিবহন খাত- ১ লাখ ১০ হাজার টাকা। আবাসন ও প্রশাসনিক- ৬৬ হাজার টাকা। সোশ্যাল মিডিয়া প্রচারণা- ৫০ হাজার টাকা।
ঢাকা-১৭ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৭৭৭ জন। গণপ্রতিনিধিত্ব আদেশ (RPO), ১৯৭২ অনুযায়ী, একজন প্রার্থী সর্বোচ্চ ২৫ লাখ টাকা অথবা ভোটার প্রতি ১০ টাকা হারে (যেটি বেশি হয়) ব্যয় করতে পারেন। সেই হিসেবে এই আসনে তারেক রহমানের জন্য সর্বোচ্চ ব্যয়সীমা ছিল ৩৩ লাখ ৩৭ হাজার ৭৭০ টাকা। প্রকৃত ব্যয় ২৩ লাখ টাকা হওয়ায় তা আইনত বৈধ সীমার বেশ নিচেই রয়েছে।
Comments