ত্রিশালে চার বছরের শিশুকে হত্যা, পিতা পলাতক
ময়মনসিংহের ত্রিশালে পারিবারিক কলহের জেরে লাবিব (৩) নামে এক শিশুকে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। বুধবার (১ এপ্রিল) উপজেলার হরিরামপুর ইউনিয়নের রায়েরগ্রাম ভাটিপাড়া এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
নিহত লাবিব স্থানীয় বাসিন্দা সোহাগ মিয়ার ছেলে। ত্রিশাল থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন জানান, লাবিবের বাবা সোহাগ মিয়া পেশায় একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধের একাধিক অভিযোগ রয়েছে।পারিবারিক সূত্রে জানা গেছে, সোহাগ একাধিক বিয়ে করেছেন এবং লামিয়া আক্তার ছিলেন তার তৃতীয় স্ত্রী। দীর্ঘদিনের পারিবারিক বিরোধের কারণে লামিয়া তার সন্তানকে নিয়ে বাবার বাড়িতে অবস্থান করছিলেন।
নিহতের নানা মো. মোজাম্মেল হক (ওজা মিয়া) জানান, বুধবার বিকেল ৩টার দিকে সোহাগ তার ছেলে লাবিবকে নিজের বাড়িতে নেওয়ার কথা বলে নানার বাড়ি থেকে নিয়ে যায়। এরপর দীর্ঘ সময় পার হলেও শিশুটি ফিরে না আসায় পরিবারের পক্ষ থেকে খোঁজ শুরু হয়।পরে সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটের দিকে নানার বাড়ি থেকে প্রায় ৮০০ গজ দূরে ইলিয়াস নামে এক ব্যক্তির বাড়ির পাশে শিশুটির নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে। পুলিশের ধারণা, পারিবারিক প্রতিহিংসার শিকার হয়েই শিশুটিকে হত্যা করা হয়েছে।
ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনার পর থেকেই শিশুটির পিতা সোহাগ পলাতক রয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং অভিযুক্তকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Comments