রাহুলের মৃত্যুর ঘটনায় প্রিয়াঙ্কাসহ শিল্পীদের আইনি পদক্ষেপ
টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু পুরো ইন্ডাস্ট্রিকে শোকাহত করেছে। দিঘার তালসারি সৈকতে চলতে থাকা শুটিংয়ের সময় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ছিল কি না, তা এখনও স্পষ্ট নয়।
ঘটনার পর শিল্পীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। অভিনেত্রী চৈতি ঘোষালসহ অনেকে সঠিক তদন্তের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন। প্রযোজনা সংস্থার নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। এই পরিস্থিতিতে আর্টিস্ট ফোরামও সক্রিয় হয়েছে।
সম্প্রতি একটি বৈঠকে শিল্পীরা নিরাপত্তা বিষয়ক উদ্বেগ প্রকাশ করেছেন। বৈঠকে উপস্থিত ছিলেন রাহুলের স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারসহ কয়েকজন তারকা। এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার। সূত্রের মতে, শিগগিরই সংস্থাকে আইনি নোটিশ পাঠানো হবে এবং অভিযোগ দায়েরের বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে আরও কঠোর ব্যবস্থা, যেমন কর্মবিরতি, গ্রহণের কথাও ভাবা হচ্ছে।
তদন্তে নতুন তথ্য সামনে আসলেও পুরো ঘটনার চিত্র এখনও অস্পষ্ট। পুলিশ ইতিমধ্যে শুটিং ইউনিটের সদস্য, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাসহ ১০–১২ জনকে জিজ্ঞাসাবাদ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সমুদ্রে নামার পরই হঠাৎ গভীরতা বেড়ে রাহুল ভারসাম্য হারান। উদ্ধারের সময় নিয়ে মতভেদ রয়েছে—কেউ বলছেন দ্রুত উদ্ধার করা হয়েছিল, আবার স্থানীয়রা দীর্ঘ সময় নিখোঁজ থাকার কথা জানিয়েছেন।
প্রাথমিক ময়নাতদন্তের প্রতিবেদনে দেখা গেছে, দীর্ঘ সময় পানির নিচে থাকার কারণে ফুসফুস, খাদ্যনালি ও পাকস্থলীতে বালি ও নোনা পানি প্রবেশ করেছে। এতে উদ্ধার প্রক্রিয়া নিয়েও নতুন প্রশ্ন তৈরি হয়েছে।
সব মিলিয়ে রাহুলের মৃত্যু নিয়ে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। দায় নির্ধারণ ও প্রকৃত কারণ জানতে শিল্পীরা এখন আইনি পথে এগোতে চান। সূত্র: সংবাদ প্রতিদিন ও দ্য ওয়াল
Comments