জ্বালানি সাশ্রয়ে সশরীরে ও অনলাইনে পাঠদানের পরিকল্পনা শিক্ষামন্ত্রীর
জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, সরকার সশরীরে এবং অনলাইন ক্লাসের সমন্বয়ে একটি 'অন অ্যান্ড অফ' বা ব্লেন্ডিং শিক্ষা পদ্ধতি চালুর পরিকল্পনা করছে।
শিক্ষামন্ত্রী জানান, বিশ্বব্যাপী চলমান জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশেও পড়ছে। এই পরিস্থিতি কতদিন স্থায়ী হবে তা অনিশ্চিত। তাই দীর্ঘমেয়াদী প্রস্তুতির অংশ হিসেবে স্কুলগুলোতে সরাসরি ক্লাসের পাশাপাশি অনলাইনে পাঠদানের ব্যবস্থা চালুর কথা ভাবছে মন্ত্রণালয়।
মন্ত্রী বলেন: "জ্বালানি সংকট এখন একটি বৈশ্বিক সমস্যা। এই সংকট মোকাবিলায় আমরা স্কুল সিস্টেমকে অনলাইনের আওতায় এনে একটি 'ব্লেডিং সিস্টেম' তৈরির চিন্তা করছি।"
শিক্ষা কার্যক্রম সচল রাখতে বর্তমানে সপ্তাহে ছয় দিন ক্লাস নেওয়ার পরিকল্পনা চলছে বলে জানান মন্ত্রী। তিনি উল্লেখ করেন যে, পবিত্র রমজানের ছুটি এবং বিভিন্ন সময় উদ্ভূত পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের পাঠদানে যে ঘাটতি তৈরি হয়েছে, তা পুষিয়ে নিতে অতিরিক্ত ক্লাসের প্রয়োজন। তবে পুরোপুরি অনলাইন নির্ভরতার বিপক্ষে মত দিয়ে তিনি বলেন: প্রায় ৫০ শতাংশ মানুষ অনলাইনে ক্লাসের পক্ষে মত দিয়েছেন। সম্পূর্ণ অনলাইন নির্ভর হয়ে পড়লে শিক্ষার্থীদের সামাজিক দক্ষতা কমে যাওয়ার (আন-সোশ্যাল হওয়া) ঝুঁকি থাকে।
অনলাইন এবং অফলাইন—উভয় পদ্ধতির সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ ব্যবস্থা চালুর চেষ্টা চলছে।
এই প্রস্তাবনাটি নিয়ে আরও বিস্তারিত আলোচনার পর খুব শীঘ্রই ক্যাবিনেট (মন্ত্রিসভা) বৈঠকে উপস্থাপন করা হবে। সেখান থেকে সবুজ সংকেত পেলেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও বাস্তবায়নের রূপরেখা ঘোষণা করা হবে।
Comments