‘ধুরন্ধর টু’-এর ঝড়, ছাড়ালো কেজিএফ -এর রেকর্ড
বলিউড তারকা রণবীর সিং অভিনীত 'ধুরন্ধর টু' মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে। মাত্র ১২ দিনেই ছবিটি ভারতের অভ্যন্তরীণ বাজারে ৮৬৬ কোটির বেশি আয় করেছে।
এই আয়ে দক্ষিণি সুপারস্টার যশ অভিনীত কেজিএফ: চ্যাপ্টার টু-এর রেকর্ড ছাড়িয়ে গেছে সিনেমাটি। একই সঙ্গে এস এস রাজামৌলি পরিচালিত আরআরআর ও কল্কি ২৮৯৮ এডি-কেও পেছনে ফেলেছে।
বক্স অফিস বিশ্লেষক সংস্থা স্যাকনিল্ক-এর তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম সপ্তাহেই ছবিটি ৬৭৪ কোটির বেশি আয় করে। দ্বিতীয় সপ্তাহেও আয় অব্যাহত থাকায় দ্রুত ১ হাজার কোটির ক্লাব ছোঁয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।
আদিত্য ধর পরিচালিত ছবিটির গল্প, নির্মাণশৈলী ও অ্যাকশনধর্মী উপস্থাপনা দর্শকদের আকৃষ্ট করেছে। রণবীর সিংয়ের পাশাপাশি আর মাধবন, সঞ্জয় দত্ত ও অর্জুন রামপাল-এর উপস্থিতি ছবিটিকে আরও শক্তিশালী করেছে।
বর্তমানে নজর রয়েছে বাহুবলী টু ও পুষ্পা টু-এর রেকর্ড স্পর্শ করতে পারে কি না, সেদিকে। বিশ্লেষকদের ধারণা, বর্তমান ধারা বজায় থাকলে 'ধুরন্ধর টু' শিগগিরই নতুন উচ্চতায় পৌঁছাতে পারে।
Comments