যুক্তরাষ্ট্রে ট্রাকের ধাক্কায় বাংলাদেশি তরুণীর মৃত্যু
নিউইয়র্কের কুইন্সে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৯ বছর বয়সী বাংলাদেশি তরুণী নিশাত জান্নাত নিহত হয়েছেন। গত ২৯ মার্চ (রোববার) রাতে উডসাইড এলাকায় একটি গারবেজ ট্রাকের ধাক্কায় প্রাণ হারান তিনি। ছোট বোনের জন্য কেক হাতে নিয়ে বাড়ি ফেরার পথে এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোক নেমে এসেছে।
নিহত নিশাতের স্থায়ী বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণের রায়গড় এলাকায়। ২০১৭ সালে পরিবারের সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে: রোববার রাত প্রায় ১২টার দিকে উডসাইড এলাকার রুজভেল্ট অ্যাভিনিউ ও ৬২ স্ট্রিটের মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিশাত জ্যামাইকার একটি পার্কিং গ্যারেজে পার্ট-টাইম কাজ শেষে ট্রেন থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন। সে সময় একটি পশ্চিমমুখী স্যানিটেশন ট্রাক মোড় নিতে গিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় বড় বোন নওশিন জান্নাত ফোনের লোকেশন ট্র্যাক করে ঘটনাস্থলে পৌঁছান এবং বিষয়টি নিশ্চিত হন।
নিশাতের বাবা, উডসাইড বায়তুল জান্নাহ মসজিদের ইমাম হেলাল উদ্দিন জানান, মঙ্গলবার (৩১ মার্চ) জোহরের নামাজের পর ওই মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে নিউজার্সির একটি মুসলিম কবরস্থানে তাকে দাফন করা হবে। শোকাতুর বাবা তার মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
স্যানিটেশন ট্রাকটি চালাচ্ছিলেন ৩৮ বছর বয়সী এক নারী। দুর্ঘটনার পর তিনি ঘটনাস্থলেই ছিলেন এবং প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। বর্তমানে নিউইয়র্ক পুলিশ বিভাগের (NYPD) কলিশন ইনভেস্টিগেশন স্কোয়াড ঘটনাটি তদন্ত করছে।
বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকীসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
Comments