দুই দিনে ২৭৭ মিলিয়ন ভিউ, তুমুল আলোচনায় ‘হ্যারি পটার’ সিরিজ
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সামনে এলো 'হ্যারি পটার' টিভি সিরিজের ট্রেলার, আর মুক্তির পরপরই তা রীতিমতো ঝড় তুলেছে। মাত্র দুই দিনের মধ্যে ট্রেলারটির ভিউ দাঁড়িয়েছে ২৭৭ মিলিয়নে—যা একে এইচবিও ও এইচবিও ম্যাক্সের ইতিহাসে সবচেয়ে বেশি দেখা ট্রেলারের কাতারে নিয়ে গেছে।
২০২৩ সালে সিরিজ নির্মাণের ঘোষণা দেওয়ার পর থেকেই ভক্তদের মধ্যে ছিল প্রবল আগ্রহ। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে চলতি বছরের বড়দিনে সিরিজটি মুক্তির পরিকল্পনা রয়েছে। ট্রেলারের ব্যাপক সাড়া থেকেই স্পষ্ট, দর্শকদের প্রত্যাশা কতটা তুঙ্গে।
ব্রিটিশ লেখিকা জে. কে. রাওলিংয়ের সাত খণ্ডের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে এই সিরিজ। বড় পর্দায় ড্যানিয়েল রেডক্লিফের মাধ্যমে যে জাদুর দুনিয়া বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছিল, এবার সেটিই টেলিভিশনের জন্য নতুন আঙ্গিকে তুলে ধরা হচ্ছে।
প্রথম মৌসুমে দেখানো হবে 'হ্যারি পটার অ্যান্ড দ্য সোরসারার্স স্টোন'-এর গল্প। পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি মৌসুমে একটি করে বইয়ের কাহিনি তুলে ধরা হবে, ফলে সিরিজটি হবে মূল গল্পের আরও বিস্তৃত ও বিস্তারিত উপস্থাপন।
ট্রেলারে দেখা যায়, ১১ বছর বয়সী এক সাধারণ ছেলে হঠাৎ জানতে পারে, সে একজন জাদুকর এবং তার জন্য অপেক্ষা করছে এক রহস্যময় জগত। হগওয়ার্টসে ভর্তির চিঠি পাওয়ার পর শুরু হয় তার নতুন যাত্রা। সেখানে তার পরিচয় হয় রন উইজলি ও হারমায়োনি গ্রেঞ্জারের সঙ্গে। পাশাপাশি ক্লাস, 'সোর্টিং হ্যাট' এবং কুইডিচ খেলার ঝলকও উঠে এসেছে ট্রেলারে।
একটি আবেগঘন মুহূর্তে হ্যারি তার বাবা-মা সম্পর্কে জানতে চাইলে হ্যাগ্রিড তাকে জানায়—তারা ছিলেন সাহসী ও ন্যায়ের পক্ষে অবিচল মানুষ। এই সংলাপ ট্রেলারে আলাদা মাত্রা যোগ করেছে।
নতুন এই সিরিজে হ্যারির চরিত্রে অভিনয় করেছেন ডমিনিক ম্যাকলাফলিন। তার সঙ্গে রনের ভূমিকায় আছেন অ্যালাস্টেয়ার স্টাউট এবং হারমায়োনির চরিত্রে অ্যারাবেলা স্ট্যানটন। তিনজনই একসঙ্গে জাদুবিদ্যার পাঠ নেওয়ার পাশাপাশি ভয়ংকর ভলডেমর্টের মুখোমুখি হবেন।
অভিনয়শিল্পীদের মধ্যে ডমিনিক আগে অ্যাকশন ও কমেডি ধারার কিছু প্রযোজনায় কাজ করেছেন। অ্যালাস্টেয়ার স্টাউটের জন্য এটি বড় পর্দার প্রথম কাজ। আর অল্প বয়সেই মঞ্চনাট্যে অভিজ্ঞতা রয়েছে অ্যারাবেলা স্ট্যানটনের; লন্ডনের ওয়েস্টএন্ডে 'ম্যাটিল্ডা-দ্য মিউজিক্যাল'-এ অভিনয়ের মাধ্যমে তিনি ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছেন।
সিরিজটির শোরানার হিসেবে দায়িত্বে আছেন ফ্রানচেস্কা গার্ডিনার, যিনি 'সাকসেশন' দিয়ে খ্যাতি পেয়েছেন। পরিচালনায় রয়েছেন মার্ক মেলড, যিনি আগে 'গেম অব থ্রোনস'-এর মতো জনপ্রিয় প্রযোজনায় কাজ করেছেন।
উল্লেখ্য, 'হ্যারি পটার' সিরিজের সাতটি বই থেকে ২০০১ থেকে ২০১১ সাল পর্যন্ত নির্মিত হয়েছিল আটটি সিনেমা। তবে সিনেমায় গল্পের অনেক অংশ সংক্ষেপে দেখানো হয়েছিল। নতুন এই সিরিজে বইয়ের পুরো কাহিনি আরও বিস্তারিতভাবে তুলে ধরার পরিকল্পনা রয়েছে, যা নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নতুন করে উন্মাদনা।
Comments