যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৩১ লাখ টাকার টোল আদায়, ৪২ হাজার যানবাহন পারাপার
পরিবার-পরিজনদের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন ও দীর্ঘদিন ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করছে কর্মব্যস্ত ঘরমুখো মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে দিয়ে কর্মস্থলে যাওয়ার পথেও বেড়েছে যানবাহনের অতিরিক্ত চাপ। এরমধ্যে গণপরিবহন বাস ছাড়াও বেশিভাগই ছিল খোলা ট্রাক, ব্যক্তিগত প্রাইভেটকার ও মোটরসাইকেল চলাচল।
উত্তরবঙ্গের প্রবেশদ্বার টাঙ্গাইলের যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় অর্থাৎ একদিনে ৪২ হাজার ৩৭৪ টি যানবাহন পারাপার হয় এবং টোল আদায় হয় ৩ কোটি ৩১ লাখ ১৫ হাজার ৫০ টাকা।
রবিবার (২৯ মার্চ) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিযাজ উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, গত শুক্রবার রাত ১২ টা থেকে শনিবার (২৮ মার্চ) রাত ১২ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় অর্থাৎ একদিনে ৪২ হাজার ৩৭৪ টি যানবাহন পারাপার হয় এবং টোল আদায় হয় ৩ কোটি ৩১ লাখ ১৫ হাজার ৫০ টাকা।
এর মধ্যে টাঙ্গাইলের সেতু পূর্ব প্রান্তের উত্তরবঙ্গগামী লেন দিয়ে ১৮ হাজার ৩৬টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৬০ লাখ ২৪ হাজার ৪৫০ টাকা। অপরদিকে সিরাজগঞ্জ সেতু পশ্চিম প্রান্তের ঢাকাগামী লেনে ২৪ হাজার ৩৩৮টি যানবাহন পারাপার হয় এবং টোল আদায় হয়েছে ১ কোটি ৭০ লাখ ৯ হাজার ৬০০ টাকা।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিযাজ উদ্দিন বলেন, ঈদের পর কয়েকদিন ধরে কর্মস্থলে যাওয়ার পথেও অতিরিক্ত যানবাহন চাপ বেড়েছে। কিন্তু সেতু পারাপার বা মহাসড়কে কোনো যানজট হয়নি। স্বাভাবিক গতিতেই যান পারাপার হচ্ছে। এছাড়াও মহাসড়কে যানজট নিরসনে সেতু পূর্ব ও পশ্চিম উভয় অংশে মোটরসাইকেলসহ ৯টি করে ১৮টি টোল বুথ স্থাপন করা হয়েছে।
Comments