ফেরিতে বাস তোলার আগে সব যাত্রীকে নামানো বাধ্যতামূলক: নৌমন্ত্রী
নৌ দুর্ঘটনা রোধ ও ফেরি পারাপারে যাত্রীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহণ বিষয়ক মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানিয়েছেন, এখন থেকে ফেরিতে বাস তোলার আগে অবশ্যই শতভাগ যাত্রীকে বাস থেকে নামিয়ে দিতে হবে। কোনো অবস্থাতেই যাত্রীসহ বাস ফেরিতে তোলা যাবে না।
আজ রোববার (২৯ মার্চ) সচিবালয়ে সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এক উচ্চপর্যায়ের সভা শেষে সাংবাদিকদের তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, "আমরা মানুষের জীবনের নিরাপত্তা দিতে দায়বদ্ধ। অনেক সময় ফেরিতে যাত্রীসহ বাস দুর্ঘটনায় পড়লে বড় ধরনের প্রাণহানি ঘটে। এই ঝুঁকি এড়াতেই যাত্রীদের নামিয়ে কেবল খালি বাস ফেরিতে তোলার নিয়ম কঠোরভাবে পালন করা হবে।"
ফেরি পারাপারে যান্ত্রিক নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে মন্ত্রী আরও জানান: এখন থেকে সব ফেরিতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে রেলিং লাগানো বাধ্যতামূলক করা হবে। ফেরিতে গাড়ি ওঠানামার সময় বা মাঝনদীতে ঢেউয়ের কবলে পড়ে গাড়ি স্লাইড করার ঝুঁকি কমাতে এই রেলিং কার্যকর ভূমিকা রাখবে।
সচিবালয়ে অনুষ্ঠিত এই সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই নির্দেশনা অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সভায় হুঁশিয়ারি দেওয়া হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সিদ্ধান্তের ফলে ফেরিঘাটগুলোতে বিশৃঙ্খলা কমবে এবং জননিরাপত্তা আরও জোরদার হবে।
Comments