চাঁদপুরে বেশি দামে তেল বিক্রি ঠেকাতে কঠোর হুঁশিয়ারি প্রশাসনের
চাঁদপুরের হাইমচরে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করার অপরাধে 'মেসার্স মা ট্রেডার্স' নামক একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সন্ধ্যায় উপজেলার আলগী বাজার থানা রোড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
দীর্ঘদিন ধরে মেসার্স মা ট্রেডার্সের বিরুদ্ধে সাধারণ ক্রেতাদের কাছ থেকে জ্বালানি তেলের বাড়তি দাম আদায়ের অভিযোগ আসছিল। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হাসানের নির্দেশনায় থানা পুলিশের একটি দল প্রাথমিক তদন্ত পরিচালনা করে। অভিযোগের সত্যতা পাওয়ার পর বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়।
খবর পেয়ে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ভোক্তা অধিকার ক্ষুণ্ণ করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন,"জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমাতে আমাদের এই তদারকি অব্যাহত থাকবে। কোনোভাবেই নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম রাখা সহ্য করা হবে না।"
জরিমানা আদায়ের পাশাপাশি এদিন উপজেলার বিভিন্ন বাজারে জ্বালানি তেলের মূল্য তালিকা পর্যবেক্ষণ করা হয়। অসাধু উপায়ে কৃত্রিম সংকট তৈরি বা বাড়তি মুনাফার লোভে ভোক্তাদের হয়রানি না করতে ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়।
অভিযানকালে হাইমচর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ আলমগীর, সমির কুমারসহ থানা ও উপজেলা প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপকে স্থানীয় সাধারণ ক্রেতারা সাধুবাদ জানিয়েছেন।
Comments