সচিবালয়ে ৮টি মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রোববার সকালে বাংলাদেশ সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ আকস্মিক পরিদর্শন করেছেন। নির্ধারিত দাপ্তরিক কাজের বাইরে আকস্মিকভাবে বিভিন্ন ফ্লোরে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের কাজের খোঁজখবর নেন তিনি।
সকাল ৯টার কিছু পরেই প্রধানমন্ত্রী সচিবালয়ে প্রবেশ করেন। তবে তিনি মন্ত্রিপরিষদ বিভাগে নিজের নির্ধারিত দপ্তরে না গিয়ে সরাসরি হেঁটে ৬ নম্বর ভবনের দিকে এগিয়ে যান। সেখানে তিনি প্রথমেই বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় পরিদর্শন করেন এবং দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের সাথে কুশল বিনিময় ও কাজের অগ্রগতি নিয়ে কথা বলেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু) বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রী ৬ নম্বর ভবনের ষষ্ঠ তলা পর্যন্ত হেঁটে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন। এর মধ্যে রয়েছে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়. নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এরপর তিনি ৫ নম্বর ভবনের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ৩ নম্বর ভবনের বাণিজ্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিদর্শন করেন। এভাবে অন্তত আটটি মন্ত্রণালয় ঘুরে দেখে তিনি পুনরায় মন্ত্রিপরিষদ বিভাগে ফিরে আসেন।
আকস্মিক পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী তাঁর পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিচ্ছেন। আজ সকালে তাঁর সভাপতিত্বে 'কৃষক কার্ড' সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভায় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, অর্থ, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
Comments