পর্তুগালের আলগার্ভে বিপুল উৎসাহ-উদ্দীপনায় ঈদুল ফিতর উদযাপিত
পর্তুগালের পর্যটন নগরী আলগার্ভে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন হলো মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এক মাস সিয়াম সাধনার পর আনন্দ আর ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসা এই ঈদকে ঘিরে পর্তুগালের আলগার্ভে অবস্থিত কোয়ার্টেইরা, ভিলামৌরা ও লুলে শহরের এই অঞ্চলে বসবাসরত মুসলিম অভিবাসীদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ।
এক কাতারে দেশি-বিদেশি মুসল্লিরা , গেল শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে সাতটায় ভিলামৌরার একটি ফুটবল স্টেডিয়ামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। মনোরম পরিবেশে অনুষ্ঠিত এই জামাতে বাংলাদেশি ধর্মপ্রাণ মুসলমানদের পাশাপাশি অংশগ্রহণ করেন পাকিস্তান, ইন্ডিয়া ,মরক্কো এবং বিভিন্ন আরব দেশসহ বিশ্বের নানা প্রান্ত থেকে আসা অভিবাসী মুসলিমরা। আলগারভে আয়োজিত এই ঈদ জামাতে স্থানীয় বাংলাদেশ কমিউনিটির ও সিলেটি কমিউনিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দদের মধ্য উপস্থিত ছিলেন আব্দুস শহিদ, মেহরাব হোসেন সানি, রাকিব চৌধুরী, নূর হোসেন মনা, আমিনুল ইসলাম শাওন, মাসুম আহম্মেদ, নুর উদ্দিন, সানওয়ার হোসেন কামরান, দেলোয়ার হোসেন'সহ আরো অনেকে।
তারা উপস্থিত সকলের উদ্দেশ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং পর্তুগালের মাটিতে নিজেদের কৃষ্টি ও ধর্মীয় সংস্কৃতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। কমিউনিটি নেতারা জানান, প্রবাসে ব্যস্ত জীবনের মাঝেও এই ধরনের ধর্মীয় আয়োজন সবার মাঝে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করে। প্রবাসে ঈদের আমেজ বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধারা বিদেশের মাটিতে ঈদ পালন করলেও তাদের মনে ছিল দেশের স্বজনদের জন্য টান। নামাজের পর অনেককেই মোবাইল ফোনে দেশের বাড়িতে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ বিনিময় করতে দেখা যায়। আলগারভের এই ঈদ জামাত পর্তুগালের মাটিতে ভিন্ন ভিন্ন সংস্কৃতির মানুষের এক অপূর্ব মিলনমেলায় পরিণত হয়েছিল।
Comments