গোপালগঞ্জে বিধবা মাকে বের করে ঘরে আগুন দিয়েছে মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দক্ষিণ হিরন গ্রামে মাদকাসক্ত ছেলের হাতে নিজের বসতঘর হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন হেনয়ারা বেগম (৫৫) নামে এক বিধবা নারী। মঙ্গলবার (১৭ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ হিরন গ্রামের মৃত শাহ আলম শেখের স্ত্রী হেনয়ারা বেগম দীর্ঘদিন ধরে পারিবারিক সংকটে জীবনযাপন করছেন। প্রায় ছয় মাস আগে বরিশালে কাজ করতে গিয়ে তার স্বামী মারা যান। বড় ছেলে ওলিউল্লাহ কাজের সন্ধানে ভারতে গিয়ে গত ১০ বছর ধরে নিখোঁজ। অপরদিকে ছোট ছেলে শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত।
অভিযোগ রয়েছে, ঘটনার রাতে শহিদুল ইসলাম তার মায়ের কাছে মাদক কেনার জন্য টাকা দাবি করে। হেনয়ারা বেগম টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে তিনি মাকে ঘর থেকে বের করে দিয়ে বসতঘরে আগুন ধরিয়ে দেন। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি।
স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও অল্প সময়ের মধ্যেই পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এতে হেনয়ারা বেগমের একমাত্র আশ্রয়স্থলটি ধ্বংস হয়ে যায় এবং তিনি সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েন।
কান্নাজড়িত কণ্ঠে হেনয়ারা বেগম বলেন, "আমার মাথা গোঁজার ঠাঁইটুকুও পুড়ে গেল। আমার আর বেঁচে থাকার ইচ্ছা নেই। এত শোক আমি কীভাবে সহ্য করবো?" তিনি আরও জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং প্রায়ই টাকা না দিলে তাকে মারধর করত। ভয়ে তিনি অনেক সময় বাড়ির বাইরে আশ্রয় নিতেন।
প্রতিবেশী জামির আলী জানান, শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিল এবং প্রায়ই মায়ের কাছে টাকা চাইত। টাকা না পেলে মারধর করত। ঘটনার রাতেও টাকা না পেয়ে সে আগুন ধরিয়ে দেয়।
এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াদ মাহমুদ বলেন, "এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
Comments