বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ
ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে বগুড়ার শান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে শান্তাহারের তিলকপুরে ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। ট্রেনের ছাদে থাকা লোকজন পড়ে হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঢাকা থেকে যাত্রী নিয়ে চিলাহাটি যাচ্ছিল নীলসাগর এক্সপ্রেস ট্রেন।
এসময় ট্রেনের বেশকিছু যাত্রী আহত হন। দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করে স্থানীয়রা। আর খবর পেয়ে উদ্ধারকাজে যোগ দেয় রেলওয়ে কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে আহতদের পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, বগিচ্যুত ট্রেনটি লাইন থেকে ছিটকে গেছে। রেললাইনের স্লিপার ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। লাইনচ্যুত বগি অপসারণে বেশ সময় লাগবে বলে স্থানীয়রা জানান। সান্তাহার রেলওয়ে পুলিশ জানায়, এখানে রেলের কাজ চলছিল। লাল ফ্ল্যাগ দেওয়া হয়েছিল। কিন্তু দ্রুতগতিতে ট্রেনটি আসায় এ ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এসময় ছাদ থেকে লাফ দিয়ে অনেকেই আহত হয়েছেন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, এখন পর্যন্ত আহত অবস্থায় ৪৭ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে একজনের অবস্থা গুরুতর। এদিকে, ট্রেন দুর্ঘটনার কারণে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের একাংশের রেলযোগাযোগ বন্ধ রাখা হয়েছে। তবে কখন নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে, সেটি এখনও জানা যায়নি।
Comments