ঢাবিসহ সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য
উচ্চশিক্ষা প্রশাসনে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের সাত বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পদে রদবদল এসেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হচ্ছেন পদার্থবিজ্ঞানের অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, যিনি এতদিন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন। ভিসি নিয়োগের ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে ছয়টি বিষয়। এগুলো হলো সাইটেশন, কোটেশন, গুগল সার্চ, পিএইচডি, পোস্ট ডক ও এমফিল। যাদের ভালো পারফরম্যান্স, তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
ঈদুল ফিতরের আগে শেষ কর্মদিবস গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন ইউজিসি চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়গুলোর ভিসিদের নাম ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হচ্ছেন অধ্যাপক মো. আল ফোরকান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মো. ফরিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য হচ্ছেন অধ্যাপক রইসউদ্দিন। আর অধ্যাপক সিদ্দিকুর রহমান খানকে দেওয়া হয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নুরুল ইসলাম খানকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য করা হয়েছে। এছাড়া খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) নতুন উপাচার্য হচ্ছেন অধ্যাপক মো. মাসুদ। শিগিগর এ বিষয়ে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন জারি করা হবে।
আগামী বছর থেকে স্কুলে ভর্তির বিদ্যমান লটারি প্রথা থাকবে না জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, 'সামনের বছর থেকে ভর্তিতে লটারি তুলে দেওয়া হলো। খুবই সাধারণ উপায়ে পরীক্ষা হবে। কোনো প্রতিযোগিতা আনব না। লটারি কোনো শিক্ষাব্যবস্থায় থাকতে পারে না। বহুদিন ধরে গবেষণা করে এ সিদ্ধান্ত। অংশীজনদের সঙ্গে আলোচনা করা হয়েছে, সামনেও আলোচনা করা হবে।'
মন্ত্রী বলেন, 'শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে লটারি অনেকটা জুয়া খেলা, ভর্তিতে লটারি কোনো ব্যবস্থা হতে পারে না। ভর্তি পরীক্ষা নিয়ে কেউ কোচিং বাণিজ্য করতে চাইলে সরকার বসে থাকবে না। সরকার ইনহাউজ কোচিংয়ের ব্যবস্থা করবে।' শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি প্রসঙ্গে তিনি বলেন, ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডিতে স্থান পেতে বেস লাইন হবে স্নাতক পাশ। স্কুল, কলেজ, মাদরাসা, কলেজ সব প্রতিষ্ঠানের জন্যই এই নিয়ম থাকবে।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক বিবেচনায় উপাচার্য নিয়োগ দেওয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, 'একজন লোকের রাজনীতি করা কি অপরাধ? এটি কি তাদের ডিসকোয়ালিফিকেশন? এটা ডিসকোয়ালিফিকেশন নয়। প্রত্যেকটি ভিসির বিষয়ে চেক করেছি, সব দেখে ক্যাটাগরি করে যারা ভালো পারফরম্যান্স করেছে, তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম হায়েস্ট পারফরমার। আমরা শিক্ষাগত যোগ্যতাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছি। রাজনীতি করাটা শিক্ষকদের ব্যক্তিগত ইচ্ছা। কে রাজনীতি করবে কি করবে না, এটা তার ব্যক্তিগত ব্যাপার।'
শিক্ষামন্ত্রী বলেন, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রাথমিক বৃত্তি পরীক্ষা আবশ্যিক নয় এবং যারা চাইবে না তারা তা দেবে না। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের এ বছর ষষ্ঠ শ্রেণিতে ওঠার চার মাস পর তাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
ঢাকা বিশ্ববিদ্যালয় :ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) বর্তমান সভাপতি এবং বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে তিনি অধ্যাপক নিয়াজ আহমেদ খানের স্থলাভিষিক্ত হচ্ছেন। গত ২২ ফেব্রুয়ারি অধ্যাপক নিয়াজ উপাচার্যের পদ থেকে পদত্যাগপত্র জমা দেন।
নতুন উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম একসময় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে ১৯৮৭ সালে স্নাতক ও ১৯৮৮ সালে স্নাতকোত্তর করে ওবায়দুল ইসলাম একই শিক্ষায়তনে শিক্ষকতায় যোগ দেন। ১৯৯৯ সালে জাপানের তোয়ামা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন তিনি। অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর অধ্যাপক ওবায়দুল ইসলামকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছিল।
ইউজিসি :জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজকে ইউজিসি চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছিল। 'শারীরিক অসুস্থতার' কারণ দেখিয়ে গতকাল সোমবার তিনি শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন। এর কয়েক ঘণ্টা পর ইউজিসির নতুন চেয়ারম্যান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের নাম ঘোষণা করা হয়। বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক মামুন আহমেদ বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সভাপতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করার পর ১৯৯৬ সালে তিনি প্রভাষক হিসেবে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মাইক্রোবায়োলজি বিভাগে যোগ দেন। ঐ বছরই নিহন ইউনিভার্সিটিতে মলিকুলার ভাইরোলজিতে তার পিএইচডি শেষ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মামুন আহমেদ জাতীয়তাবাদী দল সমর্থিত সাদা প্যানেলের প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্যও হয়েছিলেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের দায়িত্ব পান।
নির্ধারিত সময়ে নিরীক্ষা আপত্তির জবাব না দিলে এমপিও স্থগিত :পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনের ব্রড শিট জবাব (নিরীক্ষা আপত্তি) নির্ধারিত সময়ের মধ্যে পাঠাতে ব্যর্থ হলে প্রতিষ্ঠান প্রধানের এমপিও স্থগিত বা বাতিল করা হতে পারে বলে সতর্ক করেছে শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অভ্যন্তরীণ নিরীক্ষা শাখা থেকে জারি করা এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
Comments