জাতীয় ঈদগাহে নামাজ পড়বেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী: প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
আসন্ন পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম আজ সোমবার (১৬ মার্চ) সকালে ঈদগাহের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
প্রশাসক জানান, এবারের ঈদ জামাতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন। এছাড়া মন্ত্রিপরিষদ সদস্য, প্রধান বিচারপতিসহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সাধারণ নগরবাসী এখানে একযোগে নামাজ আদায় করবেন। প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এটি ঢাকার নাগরিকদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়।
আবহাওয়ার কথা মাথায় রেখে নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা: প্রতিকূল আবহাওয়ার কারণে যদি জাতীয় ঈদগাহে জামাত করা সম্ভব না হয়, তবে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। প্রচণ্ড গরমের কথা চিন্তা করে প্যান্ডেলের কিছু অংশে শীতাতপ নিয়ন্ত্রণের (এসি) চেষ্টা করা হচ্ছে। এছাড়া পর্যাপ্ত ফ্যান ও লাইটের ব্যবস্থা থাকবে।
জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ পড়তে পারবেন। নারীদের জন্য আলাদা প্রবেশপথ এবং ওজুখানার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ টয়লেট ও প্রাথমিক চিকিৎসার টিম মোতায়েন থাকবে। নিরাপত্তার স্বার্থে মুসল্লিদের কোনো ধরনের দাহ্য পদার্থ বা ব্যাগ বহন না করতে এবং যথাযথ তল্লাশির মাধ্যমে প্রবেশ করতে অনুরোধ জানানো হয়েছে।
প্রশাসক মো. আব্দুস সালাম জানান, প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে এবং আগামী দু-এক দিনের মধ্যেই মাঠ পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। পরিদর্শনকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Comments