একযোগে ৫৩ খালের খনন কর্মসূচি উদ্বোধন
দেশের জলসম্পদ ব্যবস্থাপনা ও কৃষির উন্নয়নে আজ সোমবার (১৬ মার্চ) একযোগে ৫৩টি খালের পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া নামক স্থান থেকে ১২ কিলোমিটার দীর্ঘ একটি খাল খননের মাধ্যমে এই দেশব্যাপী কর্মসূচির সূচনা হবে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এই সফরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আজ সকাল ৯ টায় প্রধানমন্ত্রী বিমানযোগে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। বিমানবন্দর থেকে সড়কপথে দিনাজপুরের কাহারোলের উদ্দেশ্যে রওনা হবেন। কাহারোলের সাহাপাড়ায় খনন কাজের উদ্বোধন শেষে তিনি সেখানে আয়োজিত একটি জনসভায় বক্তব্য রাখবেন। বিকালে দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে প্রধানমন্ত্রী তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ আত্মীয়দের কবর জিয়ারত করবেন। সন্ধ্যায় স্থানীয় সুধীজন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে ইফতারে অংশ নেবেন।
সম্প্রতি সাহাপাড়া-বলরামপুর খাল পরিদর্শন শেষে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন জানান, এই ১২ কিলোমিটার খাল খননের ফলে সরাসরি উপকৃত হবেন প্রায় সাড়ে তিন লাখ মানুষ। এর মাধ্যমে মূলত দুটি প্রধান সুবিধা পাওয়া যাবে: বর্ষা মৌসুমে অতিরিক্ত বন্যার হাত থেকে সুরক্ষা এবং শুষ্ক মৌসুমে সেচকাজের জন্য পানির নিশ্চয়তা।
উল্লেখ্য যে, গত শুক্রবার প্রধানমন্ত্রী নিজেই এই কর্মসূচি শুরুর তারিখ ঘোষণা করেছিলেন। আজকের এই প্রকল্পের মাধ্যমে সারাদেশে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশগত ভারসাম্য রক্ষার পথে এক নতুন ধাপ সূচিত হতে যাচ্ছে।
Comments