যমুনা ছাড়ছেন ড. ইউনূস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে গতকাল মঙ্গলবার নতুন সরকার গঠন করেছে বিএনপি। বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তাঁর শপথের মধ্য দিয়ে ড. মুহাম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টার পদ বিলুপ্ত হয়।
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশ্ন উঠেছে—রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে ড. ইউনূস কোথায় থাকবেন? বিদায়ী প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তিনি যমুনা ছেড়ে গুলশানে তাঁর নিজস্ব বাসভবনে উঠবেন। আগামী সপ্তাহেই স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। অন্যদিকে সরকারি একটি সূত্র জানিয়েছে, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান যমুনায় বসবাস করতে পারেন। তবে সেখানে উঠতে হলে ভবনটিতে কিছু সংস্কারকাজ প্রয়োজন। এই সংস্কার শেষ করতে প্রায় দুই মাস সময় লাগতে পারে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৮ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতনের প্রেক্ষাপটে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। টানা ৫৫৯ দিন দায়িত্ব পালন শেষে গতকাল তিনি বিদায় নেন। পরে তিনি রাষ্ট্রীয় প্রটোকল ছাড়াই যমুনায় ফিরে যান।
ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ড. ইউনূস আগের পেশাগত কর্মকাণ্ডে ফিরে যেতে পারেন। তিনি গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমও তদারকি করবেন বলে জানা গেছে। দেশের ১১৬তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে গত ১৭ মার্চ প্রতিষ্ঠানটি অনুমোদন পেয়েছে।
Comments