ব্যালট ও ফলাফলের শিটে কারচুপির অভিযোগ জামায়াতের
জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছেন ১১ দলীয় ঐক্যের নেতারা। রবিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ব্যালটে সিল মারা থেকে শুরু করে ফলাফল শিটে ঘষামাজার অভিযোগ তোলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদসহ কমিশনের অন্য কর্মকর্তারা। জামায়াত নেতা হামিদুর রহমান বলেন, কালো টাকার ব্যবহারসহ ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে।
লক্ষ্য করা গেছে, কোনো কোনো কেন্দ্রে কর্তব্যরত কর্মকর্তারা নিজে সিল মেরেছে বলে অভিযোগ রয়েছে। আবার ভোটগ্রহণে বাধা দেওয়া হয়েছে, ভীতি ছড়ানো হয়েছে। ভোট কাস্টিং কম হয়েছে। তিনি বলেন, আমরা ১১ দল বারবার কমিশনকে বলেছি কিন্তু সন্তোষজনক পদক্ষেপ পাইনি।
কিছু কিছু কেন্দ্রে অস্বাভাবিক ভোট কাস্টিং হয়েছে। এখানে অতিরিক্ত ব্যালট ব্যবহার হয়েছে। সবমিলে নির্বাচন প্রক্রিয়া ভালো ছিল না। ভোট গণনার সময় এজেন্টদের ফোর্স করে বের করা হয়েছে।
ভোটের রেজাল্ট শিট ঘষামাজা করা হয়েছে। ঢাকা-৬ আসনের এজেন্ট পরিবর্তন হয়েছে। ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির মিডিয়া সমন্বয়ক এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াত নেতা ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান এবং এনসিপির কেন্দ্রীয় নেতারাও ইসির সঙ্গে বৈঠক করেন।
Comments