নির্বাচনের ফলাফলকে স্বাগত জানাল জাতিসংঘ
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি সব রাজনৈতিক পক্ষকে জাতীয় ঐক্য জোরদার এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকার সমুন্নত রাখার আহ্বান জানিয়েছে।
এক বার্তায় আন্তোনিও গুতেরেস নির্বাচন ও গণভোট সফলভাবে আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে যে ইতিবাচক গতি সৃষ্টি হয়েছে, তা কাজে লাগিয়ে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক চর্চা আরও শক্তিশালী করা প্রয়োজন।
জাতিসংঘ মহাসচিব আইনের শাসন বজায় রাখা, সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা এবং সব নাগরিকের পূর্ণ মানবাধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ আগামী দিনে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কার কার্যক্রম এগিয়ে নেবে এবং গণতান্ত্রিক উত্তরণপ্রক্রিয়া অব্যাহত রাখবে।
বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ ও সামাজিক সম্প্রীতি জোরদারে অব্যাহত সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ।
Comments