ত্রয়োদশ সংসদ নির্বাচন:২৯৭ আসনের গেজেট প্রকাশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্যের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত গেজেটটি আনুষ্ঠানিকভাবে জারি করা হয়।
এর আগে বৃহস্পতিবার সারাদেশে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কার বিষয়ে জাতীয় গণভোট অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুরে ইসি ২৯৭টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করে। সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর রাতেই গেজেট প্রকাশ করা হয়।
এ বিষয়ে এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ জানান, ঢাকা-৮ আসনের ভোট পুনর্গণনার কোনো সিদ্ধান্ত কমিশনের নেই। কেউ অসন্তুষ্ট হলে ট্রাইব্যুনালে যাওয়ার সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
ইসির তথ্যানুযায়ী, ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট হওয়ার কথা থাকলেও আইনি জটিলতা ও এক প্রার্থীর মৃত্যুর কারণে কয়েকটি আসনের ফল স্থগিত থাকে। যাচাই-বাছাই শেষে প্রাপ্ত ২৯৭ আসনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হয়।
ইসি সচিবালয় জানায়, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যেই নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।
আসনভিত্তিক ফলাফলে দেখা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পেয়েছে ২১২টি আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অর্জন করেছে ৬টি আসন। এছাড়া স্বতন্ত্র ও অন্যান্য দল মিলিয়ে পেয়েছে ১৪টি আসন।
Comments