জামায়াতের ধৈর্য আহ্বান
বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশবাসীর প্রতি ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে দলটি তাদের নেতৃত্বাধীন ১১–দলীয় জোটের আনুষ্ঠানিক কর্মসূচির জন্য অপেক্ষা করতে বলেছে।
শুক্রবার সকাল ৮টা ১৫ মিনিটে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানানো হয়।
গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল সাড়ে নয়টা পর্যন্ত প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের মিত্ররা ১৬৭টি আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছে। অন্যদিকে জামায়াত ও তাদের জোটসঙ্গীরা পেয়েছে ৫৯টি আসন।
ফেসবুক পোস্টে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলা হয়, ইতিবাচক ও শান্তিপূর্ণ পরিবেশে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ নির্বাচনকে অর্থবহ করেছে।
তবে ফলাফলপ্রক্রিয়া নিয়ে অসন্তোষও প্রকাশ করেছে দলটি। পোস্টে উল্লেখ করা হয়, বিভিন্ন আসনে ১১–দলীয় জোটের প্রার্থীদের অল্প ব্যবধানে ও সন্দেহজনকভাবে পরাজয়, বেসরকারি ফল ঘোষণায় অসংগতি ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ, ভোটার উপস্থিতির হার প্রকাশে নির্বাচন কমিশনের অনীহা এবং প্রশাসনের একটি অংশের পক্ষপাতিত্বের ইঙ্গিত—এসব বিষয় ফলাফল প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে।
এ পরিস্থিতিতে সবাইকে শান্ত ও ধৈর্যশীল থাকার আহ্বান জানিয়ে জামায়াত বলেছে, ১১–দলীয় জোটের আনুষ্ঠানিক সিদ্ধান্ত ও কর্মসূচির জন্য অপেক্ষা করা উচিত। একই সঙ্গে 'মানবিক বাংলাদেশ' গড়ার লক্ষ্যে ন্যায়বিচারের সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয়ও ব্যক্ত করা হয়েছে।
Comments