নতুন সরকারের কাছে অপু বিশ্বাসের প্রত্যাশা
আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের পাশাপাশি বিনোদন অঙ্গনের তারকাদের মাঝেও লক্ষ্য করা যাচ্ছে আগ্রহ ও আশাবাদ। এ তালিকায় যুক্ত হলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। নির্বাচন ও নতুন সরকার নিয়ে নিজের ভাবনা এবং প্রত্যাশার কথা প্রকাশ করেছেন তিনি।
অপু বিশ্বাস জানান, যে সরকারই নির্বাচিত হোক না কেন, তিনি তাদের প্রতি শুভকামনা জানাতে চান। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, দেশের মানুষ যেন নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
নির্বাচন প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, একজন চলচ্চিত্রশিল্পী ও উদ্যোক্তা হিসেবে দেশের সার্বিক পরিবেশ তার কাছে গুরুত্বপূর্ণ। সে কারণে নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়াই তার প্রত্যাশা।
নতুন সরকারের কাছে নিজের দাবির কথাও স্পষ্টভাবে তুলে ধরেন এই অভিনেত্রী। তিনি বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা যেন সরকারের অগ্রাধিকার তালিকায় থাকে। পাশাপাশি দেশের চলচ্চিত্র ও বিনোদন শিল্পকে আরও বিস্তৃত ও শক্তিশালী করতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। সিনেমার মানুষ হিসেবে শিল্পটির উন্নয়ন তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন অপু বিশ্বাস।
উল্লেখ্য, দীর্ঘদিন বড় পর্দা থেকে কিছুটা দূরে থাকলেও বিজ্ঞাপন ও বিভিন্ন পণ্যের প্রচারে নিয়মিত ছিলেন অপু বিশ্বাস। সম্প্রতি আবারও অভিনয়ে ফিরেছেন তিনি। বর্তমানে একসঙ্গে দুটি নতুন চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিচ্ছেন এই অভিনেত্রী। পাশাপাশি নিজের পারিবারিক ব্যবসার দিকেও সময় দিচ্ছেন তিনি।
Comments