নির্বাচন সামনে রেখে শরীয়তপুরে সেনাপ্রধান, সমন্বিত নিরাপত্তা ব্যবস্থাপনায় জোর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে শরীয়তপুর পরিদর্শনকালে নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে গুরুত্বারোপ করেছেন সেনাবাহিনী প্রধান।বুধবার (৪ ফেব্রুয়ারি) তার এই সফরসংক্রান্ত তথ্য আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়।
সফরকালে সেনাবাহিনী প্রধান শরীয়তপুর জেলা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় ঢাকা বিভাগের শরীয়তপুর, ফরিদপুর ও মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অসামরিক প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদার করা এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান 'ইন এইড টু দ্য সিভিল পাওয়ার'-এর আওতায় মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।
Comments