নারীরা কেন মুখ লুকিয়ে ফেললেন, তা বোঝার দরকার আছে: শারমীন মুরশিদ
জুলাই আন্দোলনে অংশ নেওয়া নারীদের অনেকেই এখন হতাশায় ভুগছেন ও ঘরবন্দি জীবনযাপন করছেন বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেন, 'তাদের খুঁজে বের করতে হবে, কাউন্সেলিং করতে হবে এবং তাদের কীর্তি সংরক্ষণ করতে হবে।'
সোমবার (১৪ জুলাই) 'জুলাই উইমেন্স ডে' উপলক্ষে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। গত বছরের জুলাই অভ্যুত্থানে নারীদের ভূমিকা স্মরণে দিনটি উদ্যাপন করছে সরকার।
শারমীন মুরশিদ বলেন, 'গত বছর মেয়েরা হলের গেট ভেঙে রাস্তায় নেমেছিলেন, ছেলেদের রক্ষা করেছেন, স্লোগানে মুখর করে তুলেছিলেন ঢাকার রাজপথ। আজ তাদের অনেকেই আর সামনে আসতে রাজি নন। কেন তারা মুখ ফিরিয়ে নিচ্ছেন, সেটি খুঁজে বের করাও আমাদের দায়িত্ব।'
তিনি আরও জানান, 'প্রথম ধাপে ১০০ নারীকে দায়িত্ব দেওয়া হয়েছে জুলাই আন্দোলনে সম্পৃক্ত নারী যোদ্ধাদের খুঁজে বের করতে। সাইবার বুলিংয়ের শিকার নারীদের জন্য ২৪ ঘণ্টা নজরদারিতে একটি সাইবার টিম গঠন করা হচ্ছে।'
সংবাদ সম্মেলনের শুরুতে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানান, 'জুলাই অভ্যুত্থানের মূল অনুষ্ঠান আজ থেকেই শুরু। সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে, যেখানে ৬টি ডকুমেন্টারি প্রদর্শিত হবে।' তিনি বলেন, 'গত বছরের মতো এবারও রাত ১২টায় মেয়েরা হল থেকে বের হয়ে শহীদ মিনারে আসবেন এবং তা সরাসরি সম্প্রচার করা হবে।'
এছাড়া, আজ থেকে দেশের ৬৪ জেলায় "জুলাই স্মৃতিস্তম্ভ" নির্মাণ কাজ শুরু হচ্ছে বলেও জানান সংস্কৃতি উপদেষ্টা। নারায়ণগঞ্জে স্মৃতিস্তম্ভ নির্মাণে পাঁচজন উপদেষ্টা অংশ নিয়েছেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।
Comments