বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ স্থলবন্দর বেনাপোল-পেট্রাপোল দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সরকারি ছুটির কারণে বন্দর ও কাস্টমসের সব ধরনের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি।
তিনি জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশে সরকারি ছুটি থাকায় শনিবার বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানিসহ সংশ্লিষ্ট কার্যক্রম বন্ধ রয়েছে। এ বিষয়ে আগেই ভারতের পেট্রাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীদের অবহিত করা হয়েছে। রবিবার সকাল থেকে পুনরায় বন্দর কার্যক্রম চালু হওয়ার কথা রয়েছে।
ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, দুর্গাপূজার ছুটির পর শনিবার বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটি এবং সোমবার ভারতে দীপাবলি বা কালীপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকায় নির্ধারিত দিনগুলোতে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন বলেন, সরকারি ছুটির কারণে শনিবার দুই দেশের মধ্যে পণ্য পরিবহন এবং বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ রয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতে কোনো বিঘ্ন ঘটছে না। রবিবার সকাল থেকে পুনরায় সব কার্যক্রম শুরু হবে।
এদিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, পণ্য পরিবহন বন্ধ থাকলেও ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।
Comments