দূষিত বায়ুর শহর: আজ ঢাকার অবস্থান কত?
বিশ্বের মধ্যে দূষিত বায়ুর শহরের তালিকায় আজও রয়েছেন পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুমান সূচক (একিউআই) স্কোর ৪৫৮। অন্যদিকে, রাজধানী ঢাকার বায়ুর মান 'অস্বাস্থ্যকর'। দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থা রয়েছে চতুর্থ স্থানে।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে এ চিত্র দেখা গেছে।
আইকিউএয়ারের তথ্যমতে, রাজধানী ঢাকার একিউআই স্কোর ১৯৪। এ স্কোর অনুযায়ী, ঢাকার বাতাসের মান 'অস্বাস্থ্যকর' পর্যায়ে রয়েছে।
তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। শহরটির একিউআই স্কোর ২৪৪। ২৩৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয় পর্যায়ের। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ স্কোরকে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।
Comments