ঢাকা-পাবনা রুটে চালু হচ্ছে নতুন দুই আন্তঃনগর ট্রেন
ঢাকা ও পাবনার মধ্যে সরাসরি আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হচ্ছে আগামী ১৯ নভেম্বর। এ রুটে 'পাবনা প্রভাতী এক্সপ্রেস' ও 'পাবনা গোধূলি এক্সপ্রেস' নামে নতুন এক জোড়া ট্রেন চালুর প্রস্তাবে অনুমোদন দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এ তথ্য জানান। গত ৪ নভেম্বর ট্রেন দুটি চালুর প্রস্তাব অনুমোদন করা হয়।
অনুমোদিত সূচি অনুযায়ী, ৮০৮ নম্বর 'পাবনা প্রভাতী এক্সপ্রেস' প্রতিদিন সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে। পথে বিভিন্ন স্টেশনে বিরতি দিয়ে ট্রেনটি ঢাকায় পৌঁছাবে দুপুর ২টা ১০ মিনিটে।
অন্যদিকে, ৮০৭ নম্বর 'পাবনা গোধূলি এক্সপ্রেস' ঢাকা থেকে পাবনার উদ্দেশে ছেড়ে যাবে দুপুর ৩টা ২৫ মিনিটে। ট্রেনটির পাবনায় পৌঁছানোর নির্ধারিত সময় রাত ৯টা ২০ মিনিট।
দুই ট্রেনই উভয় পথে দাশুরিয়া, ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে থামবে।
আগামী ১৯ নভেম্বর বিকেলে পাবনা রেলওয়ে স্টেশনে ট্রেন দুটির উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। উদ্বোধনের মধ্য দিয়ে ঢাকা-পাবনা-ঢাকা রুটে আনুষ্ঠানিকভাবে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে।
রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, সাশ্রয়ী, নিরাপদ ও আধুনিক যোগাযোগব্যবস্থা গড়ে তোলার সরকারি পরিকল্পনার অংশ হিসেবে নতুন ট্রেন দুটি চালু করা হচ্ছে। এর ফলে ঢাকা ও পাবনার মধ্যে রেল যোগাযোগ আরও সহজ হবে বলে আশা করছে মন্ত্রণালয়।
Comments