দুর্নীতি ও অর্থপাচারের মামলায় কাতারে গ্রেপ্তার বিমানবাহিনীপ্রধান
দুর্নীতির মামলায় অভিযুক্ত বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানকে কাতারে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার (১৮ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন এবং অর্থপাচারের অভিযোগে শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে দুদক।
দুদকের অভিযোগ অনুযায়ী, প্রথম মামলায় শেখ আব্দুল হান্নামের বিরুদ্ধে বৈধ আয়ের বাইরে ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি তার নামে পরিচালিত ছয়টি ব্যাংক হিসাবে ২৭ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার ৭০১ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য উল্লেখ করা হয়েছে।
এসব অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়।
অন্য মামলায় তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের বাইরে ১ কোটি ৯১ লাখ ৯০ হাজার ৩০৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ ছাড়া তার নামে থাকা ৩২টি ব্যাংক হিসাবে প্রায় ১ কোটি ১৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে।
এই মামলায় তাহমিদা বেগমকে প্রধান আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তাকে সহায়তা করেছেন শেখ আব্দুল হান্নান। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা করা হয়েছে।
শেখ আব্দুল হান্নান ১৯৮৪ সালে বাংলাদেশ বিমানবাহিনীতে কমিশন লাভ করেন। ২০২১ সালের ১২ জুন তিনি বিমানবাহিনীর ১৬তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৪ সালের ১১ জুন দায়িত্ব শেষে অবসরে যান।
মামলাগুলোতে উত্থাপিত অভিযোগ এখনো অভিযোগ হিসেবেই বিবেচ্য; আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে অপরাধী হিসেবে চূড়ান্তভাবে উল্লেখ করা যায় না।
Comments