শিক্ষার লক্ষ্য ভালো ফল নয়, বরং অর্জিত জ্ঞান বুঝতে শেখা
জিপিএ-৫ আর এ প্লাসের প্রতিযোগিতায় শিক্ষার মূল উদ্দেশ্য যেন হারিয়ে না যায়। পরীক্ষায় ভালো ফলের পাশাপাশি শিক্ষার্থীরা কতটা বুঝে শিখছে, প্রশ্ন করছে এবং নিজেরা জ্ঞান অনুসন্ধান করছে, সেদিকেও নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন কুরআন পাঠ আন্দোলনের আহ্বায়ক আবু সাঈদ খান।
বুধবার (২৮ অক্টোবর) মোংলা ইসলামী আদর্শ একাডেমি ও সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ে আয়োজিত দুটি শিক্ষা সেমিনারে তিনি এ বিষয়ে আলোচনা করেন। শিখনচক্র ও অনুসন্ধানভিত্তিক পাঠ পদ্ধতি তুলে ধরে শিক্ষার্থীদের মুখস্থনির্ভরতা থেকে বেরিয়ে আসার ওপর গুরুত্ব দেন তিনি।
আলোচনায় পড়া বিষয় নিয়ে প্রশ্ন তৈরি, উত্তর অনুসন্ধান, প্রমাণের ভিত্তিতে ধারণা গঠন এবং অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগের বিষয়গুলো উঠে আসে। আবু সাঈদ খানের বক্তব্য, শেখার প্রক্রিয়ায় শিক্ষার্থীর নিজস্ব চিন্তা ও অনুসন্ধানের সুযোগ থাকা জরুরি।
সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন ধর্মের শিক্ষার্থীদের উপস্থিতিতে কুরআনের উদ্ধৃতি দিয়ে মানবিকতা, পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির কথাও তুলে ধরেন তিনি।
অবসরজীবনে জ্ঞানচর্চা, লেখালেখি ও শিক্ষামূলক কার্যক্রমে যুক্ত আবু সাঈদ খান 'সবার জন্য কুরআন' প্রত্যয় নিয়ে কুরআন পাঠ আন্দোলনের কার্যক্রম পরিচালনা করছেন। মোংলার সেমিনারগুলোতে তাঁর মূল বার্তা ছিল, শিক্ষার লক্ষ্য শুধু পরীক্ষায় ভালো ফল নয়, বরং অর্জিত জ্ঞান বুঝতে শেখা এবং তা জীবনে কাজে লাগানো।
Comments