আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস: দেশে সাক্ষরতার হার বেড়ে হয়েছে ৭৭.৯ শতাংশ
আজ ৮ সেপ্টেম্বর 'আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬'। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপিত হচ্ছে। এবারের আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য— 'মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা'।
সাক্ষরতাকে কেবল পড়া, লেখা বা গণনার গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে মানুষের সামগ্রিক উন্নয়ন, পরিবেশগত সচেতনতা এবং টেকসই অর্থনৈতিক সমৃদ্ধির মূল ভিত্তি হিসেবে তুলে ধরা হয়েছে। অর্থনৈতিক সমীক্ষা ২০২৫-এর তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাক্ষরতা প্রসারে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলেও এখনও একটি বড় জনগোষ্ঠী শিক্ষার বাইরে রয়েছে। বিশেষ করে ঝরে পড়া শিশু-কিশোর, প্রান্তিক জনগোষ্ঠী এবং শিক্ষাবঞ্চিত adults-দের প্রযুক্তিগত ও কর্মমুখী শিক্ষার আওতায় আনা বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক পৃথক বাণী দিয়েছেন। রাজধানীর উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো (বিএনএফই) মিলনায়তনে আলোচনা সভা ও 'উপানুষ্ঠানিক শিক্ষা সম্মাননা প্রদান' অনুষ্ঠান আয়োজিত হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব জেসমিন নাহার।
কেন্দ্রীয় আয়োজনের পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে জেলা প্রশাসনের সমন্বয়ে র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।
১৯৬৭ সালের ৮ সেপ্টেম্বর ইউনেস্কো বিশ্বব্যাপী সাক্ষরতার গুরুত্ব তুলে ধরতে এবং নিরক্ষরতা দূরীকরণের লক্ষে এই দিনটিকে 'আন্তর্জাতিক সাক্ষরতা দিবস' হিসেবে ঘোষণা করে।
Comments