সাবেক এমপি সেলিমা আহমাদ ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সেলিমা আহমাদ মেরি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বাংলাদেশ সময় গত রোববার (২১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সাবেক এই সংসদ সদস্য দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ব্যাংককের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান। তাঁর চাচাতো ভাই মিনহাজ আল-ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়াও হোমনা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছেন।
সংক্ষিপ্ত জীবনী ও কর্মময় জীবন
সেলিমা আহমাদ মেরি দেশের সুপরিচিত ব্যবসায়ী ও দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান এবং এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল মাতলুব আহমাদের সহধর্মিণী।
ব্যবসায়িক পরিচয়ের পাশাপাশি তিনি একজন সফল নারী উদ্যোক্তা ও রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কুমিল্লা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। রাজনীতি ছাড়াও দেশের বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক এবং নারী উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় ও অগ্রণী ভূমিকা ছিল।
তাঁর এই আকস্মিক মৃত্যুতে হোমনা-তিতাস এলাকাসহ রাজনৈতিক ও ব্যবসায়ী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
Comments