নতুন মন্ত্রীদের বহরে যুক্ত হবে ৫০ গাড়ি
নতুন মন্ত্রীদের জন্য ৫০টি গাড়ি চেয়ে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এসব গাড়ি গানম্যানসহ কিছুক্ষণের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাবে সরকারি যানবাহন অধিদপ্তর (পরিবহন পুল)। সেখান থেকে দুপুরের আগেই সম্ভাব্য মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বাসায় চলে যাবে গাড়ি। সেই গাড়ি করেই শপথ অনুষ্ঠানে যাবেন মন্ত্রীরা।খবর সংশ্লিষ্ট সূত্রের।
মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দুপুর ২টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানো হবে। তার দুইঘণ্টা পর একই জায়গায় বিকাল ৪টায় নতুন সরকারের মন্ত্রীসভার সদস্যদেরও শপথ হবে। ইতিমধ্যে সব ধরনের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে অন্তর্বর্তী সরকার।
দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, ৫০টি গাড়ি প্রস্তুত রাখা মানে ৫০ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী করা হচ্ছে, বিষয়টি এমন নয়। মন্ত্রিসভার যতজন সদস্য করা হবে, তার থেকে বেশি গাড়ি প্রস্তুত রাখা হয়। অধিকাংশ মন্ত্রী-প্রতিমন্ত্রী গাড়ি নিলেও কেউ কেউ নেন না।
গতকাল সোমবার বিকালে মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা শপথের চূড়ান্ত প্রস্তুতি (মহড়া) অনুষ্ঠান করেছেন। সেখানে তারা মন্ত্রিসভার অন্তত ৪০ জন সদস্য ধরে মহড়া সম্পন্ন করেছেন বলে জানা গেছে। শপথপত্র রাখার স্ট্যান্ড রাখা হয়েছিল ৪০টির মতো।
তবে নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মকর্তা কালের কণ্ঠকে জানান, অতীতে বাংলাদেশে সর্বোচ্চ ৫৭ জনের মন্ত্রিসভা গঠনের নজির রয়েছে। সেই টার্গেট ধরে ৬০টি গাড়ি ও পুলিশের গানম্যান প্রস্তুত রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সে অনুযায়ী পরিবহনপুল গাড়ি, চালক প্রস্তুত রেখেছে। সমসংখ্যক গানম্যানও প্রস্তুত রেখেছিল মন্ত্রিপরিষদ বিভাগ।
Comments