১৪ বছর পর ঢাকা–করাচি রুটে সরাসরি ফ্লাইট শুরু বৃহস্পতিবার
দীর্ঘ বিরতির পর আবারও ঢাকা-করাচির আকাশপথে সরাসরি উড়োজাহাজ চলাচল শুরু হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) থেকে ঢাকা–করাচি রুটে নন-স্টপ ফ্লাইট চালু করছে। প্রাথমিক পর্যায়ে সপ্তাহে দুই দিন বৃহস্পতিবার ও শনিবার এই রুটে ফ্লাইট পরিচালিত হবে।
সরাসরি ফ্লাইট চালু হওয়ায় যাত্রীদের ট্রানজিট ঝামেলা ছাড়াই কম সময়ে যাতায়াতের সুযোগ তৈরি হচ্ছে। এতে ভ্রমণ ব্যয়ও উল্লেখযোগ্যভাবে কমবে। নতুন সূচিতে রাউন্ড ট্রিপে যাত্রীরা সর্বনিম্ন ৫১ হাজার টাকায় ঢাকা–করাচি যাতায়াত করতে পারবেন, যা আগের তুলনায় ৩০ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত কম।
এর আগে যাত্রীদের মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিমানবন্দর হয়ে দীর্ঘ সময় ব্যয় করে করাচি যেতে হতো। নতুন রুটে ১ হাজার ৪৭১ মাইল দূরত্ব অতিক্রমে ব্যবহার করা হবে ১৬২ আসনের বোয়িং ৭৩৭ উড়োজাহাজ। ফ্লাইটটির ভ্রমণ সময় হবে আনুমানিক তিন ঘণ্টা।
বাংলাদেশ বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানিয়েছেন, উদ্বোধনী ফ্লাইটের সব টিকিট আগেই বিক্রি হয়ে গেছে। পাশাপাশি পরবর্তী ফ্লাইটগুলোর আসনের বড় অংশ ইতোমধ্যে বুকিং হয়েছে। তার মতে, সরাসরি ফ্লাইট যাত্রীদের জন্য সময় সাশ্রয়ী ও আরামদায়ক ভ্রমণের সুযোগ তৈরি করবে।
দীর্ঘদিন পর দুই দেশের মধ্যে সরাসরি আকাশ যোগাযোগ চালু হওয়ায় যাত্রীদের মধ্যে আগ্রহ ও উচ্ছ্বাস দেখা গেছে। তারা আশা করছেন, এর ফলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মানুষের যোগাযোগ বাড়ার পাশাপাশি বাণিজ্য ও পর্যটন খাতেও ইতিবাচক প্রভাব পড়বে।
এভিয়েশন বিশ্লেষকরা বলছেন, এই রুট চালু হলে যাত্রী পরিবহনের পাশাপাশি কার্গো পরিবহনের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হবে। একই সঙ্গে দুই দেশের সামাজিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হওয়ার সুযোগ তৈরি হবে।
উল্লেখ্য, নিরাপত্তাজনিত কারণে ২০১২ সালে ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট বন্ধ হয়ে যায়। দীর্ঘ ১৪ বছর পর আবারও এই রুটে উড়োজাহাজ চলাচল শুরু হওয়াকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল।
Comments