তদন্ত প্রতিবেদনে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট
বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে শেষবারের মতো আরও ৬ মাস সময় বেঁধে দিয়েছেন হাইকোর্ট। রোববার (২৬ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করতে আবারও ব্যর্থ হয়েছে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স কমিটি। শুনানিকালে আদালত জানান, মামলার অগ্রগতি সংক্রান্ত একটি প্রাথমিক প্রতিবেদন জমা দিয়েছে কমিটি। তবে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের জন্য অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল আরও সময়ের আবেদন জানান।
শুনানিতে রিটকারীদের পক্ষে আইনজীবী শিশির মনির ও মনজিল মোরসেদ তদন্ত কর্মকর্তাকে তলবের আবেদন জানান এবং প্রতিবেদন দাখিলের জন্য ৩ মাস সময় দেওয়ার প্রস্তাব করেন। তবে আদালত সার্বিক দিক বিবেচনা করে ৬ মাস সময় মঞ্জুর করেন।
শুনানিকালে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল আক্ষেপ প্রকাশ করে বলেন, "একটি বহুল আলোচিত মামলায় ১৩ বছরেও চার্জশিট দাখিল করতে না পারা অত্যন্ত বেদনাদায়ক।"
এর আগে গত বছরের ২৩ অক্টোবর তৎকালীন হাইকোর্ট বেঞ্চ এই মামলার তদন্ত সম্পন্ন করতে টাস্কফোর্স কমিটিকে ৬ মাস সময় দিয়েছিলেন। সেই সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর আজ আবারও নতুন করে সময় দেওয়া হলো। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নৃশংসভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি। দীর্ঘ এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনো এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হয়নি।
Comments