হরমুজ সংকট নিরসনে ওমান-ইরান বৈঠক
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা করেছে ওমান ও ইরান। এ নিয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ওমানে অনুষ্ঠিত বৈঠকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অংশ নেন। বৈঠকে হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি, সামুদ্রিক নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়।
বৈঠক সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা বজায় রাখা এবং জাহাজ ও বাণিজ্যিক পণ্য পরিবহন নির্বিঘ্ন রাখার ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের মন্ত্রীরা।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, পারস্পরিক আস্থা বাড়ানো এবং অমীমাংসিত সমস্যাগুলোর সমাধানে অনুকূল পরিবেশ তৈরির জন্য রাজনৈতিক ও কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখা প্রয়োজন।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের অবসান নিয়ে আলোচনা হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ প্রশ্নে মতবিরোধের কারণে জটিল হয়ে পড়েছে।
এমন পরিস্থিতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ওমান সফরকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। সম্প্রতি হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারসহ বিভিন্ন জাহাজে হামলার ঘটনা বেড়েছে। অন্যদিকে, এই গুরুত্বপূর্ণ নৌপথে ইরানের বিধিনিষেধের জবাবে তেহরানের ওপর নৌ অবরোধ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।
বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল ও অন্যান্য পণ্য পরিবহন করা হয়। ফলে এ অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং জাহাজ চলাচলে বিঘ্ন আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যের জন্য বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে।
Comments