যুক্তরাষ্ট্রে ছোট বিমান বিধ্বস্ত: ১১ স্কাইডাইভারসহ নিহত ১২
যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় ১১ জন স্কাইডাইভার ও একজন পাইলটসহ মোট ১২ জন নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটের দিকে বাটলার মেমোরিয়াল বিমানবন্দরের কাছে এই দুর্ঘটনা ঘটে।
বেটস কাউন্টি ইমার্জেন্সি ম্যানেজমেন্টের মুখপাত্র জানান, স্কাইডাইভিং পরিচালনাকারী একটি প্রতিষ্ঠানের লিজ নেওয়া বিমানটি উড্ডয়নের পরপরই প্রয়োজনীয় উচ্চতা বজায় রাখতে ব্যর্থ হয়। এরপর আকস্মিকভাবে বাম দিকে মোড় নিয়ে বিমানবন্দর থেকে মাত্র ২০০ গজ দূরে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় বিমানে থাকা ১২ আরোহীর সকলেই ঘটনাস্থলে প্রাণ হারান।
বেটস কাউন্টির শেরিফ চ্যাড অ্যান্ডারসন এক সংবাদ সম্মেলনে ঘটনাটিকে 'গণহতাহতের ঘটনা' হিসেবে উল্লেখ করে বলেন:
"এটি কোনো বাণিজ্যিক যাত্রীবাহী বিমান ছিল না; বরং স্থানীয় বিমানবন্দর থেকে উড্ডয়ন করা একটি ছোট বিমান ছিল।"
মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, দুর্ঘটনার শিকার বিমানটি প্যাসিফিক অ্যারোস্পেস পি–৭৫০ মডেলের ছিল। সংস্থাটি আরও জানায়, দুর্ঘটনার সময় বিমানটি কোনো এয়ার ট্রাফিক কন্ট্রোল সেবার আওতায় ছিল না। বিমানটি যে আকাশসীমা দিয়ে উড়ছিল, সেখানে নিয়ন্ত্রণ কক্ষের সাথে বাধ্যতামূলক যোগাযোগ রক্ষার নিয়ম ছিল না।
শেরিফ অ্যান্ডারসন জানান, নিহতদের বেশ কয়েকজনের স্বজন বিমানবন্দরের কাছেই উপস্থিত ছিলেন এবং তারা চোখের সামনেই এই নির্মম দুর্ঘটনাটি ঘটতে দেখেছেন। দুর্ঘটনার পরপরই স্থানীয় উদ্ধারকর্মীরা চারপাশের এলাকায় তল্লাশি চালান—কোনো স্কাইডাইভার বিমান বিধ্বস্ত হওয়ার মুহূর্তে লাফিয়ে আত্মরক্ষা করতে পেরেছেন কি না, তা নিশ্চিত করার জন্য। তবে দুর্ভাগ্যবশত কাউকেই জীবিত পাওয়া যায়নি। কর্তৃপক্ষ এখন পর্যন্ত নিহতদের পরিচয় প্রকাশ করেনি।
কানসাস সিটি মহানগর এলাকা থেকে প্রায় ৫০ মাইল দক্ষিণে অবস্থিত বাটলার শহরে এই দুর্ঘটনা ঘটে। এফএএ জানিয়েছে, ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) এই দুর্ঘটনার তদন্তের দায়িত্ব নিয়েছে। ঘটনার বিস্তারিত জানতে তদন্তকারী সংস্থার সাথে যোগাযোগ করেছে বিবিসি।
Comments