যুদ্ধ পরিস্থিতিকে কাজে লাগিয়ে ইরানের ব্যবসা সফল
সম্প্রতি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান হরমুজ প্রণালীর পার করতে টোল আদায়ের আদেশ দিয়েছে। ধারণা করা হচ্ছে, এই টোল থেকে বছরে কয়েক'শ কোটি ডলার আয় করা সম্ভব হতে পারে।
বিশ্বের মোট জ্বালানি তেল ও এলএনজির প্রায় এক-পঞ্চমাংশ এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হওয়ায় এর গুরুত্ব অপরিসীম । বর্তমান সংঘাতের প্রভাবে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাণিজ্যে অস্থিরতা দেখা দিয়েছে। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে ইরান বিশ্ব অর্থনীতির ওপর প্রভাব বিস্তারে এই কৌশলটি হাতে নিয়েছে ।
বিশ্লেষকদের মতে, ইরান টোল আদায় করতে থাকলে তাদের আয় সুয়েজ খাল থেকেও বেশি হতে পারে। সিএনএন এর একটি হিসাব অনুযায়ী, প্রতিদিন এই পথ দিয়ে যাওয়া প্রতিটি বড় তেলবাহী ট্যাংকার থেকে যদি ২০ লাখ ডলার করে ফি আদায় করা যায়, তবে মাসিক আয় ৮০ কোটি ডলারেরও বেশি হতে পারে।
ইরান স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল-এর সঙ্গে সংশ্লিষ্ট কোনো জাহাজ এই পথ ব্যবহার করতে পারবে না। ফলে এই দেশগুলোর জন্য হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে গেছে। তবে অন্যান্য দেশের ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা নেই; বরং নির্দিষ্ট শর্ত মেনে এবং টোল প্রদান করে সীমিতভাবে জাহাজ চলাচল করছে। এতে করে আগের তুলনায় জাহাজ চলাচল অনেক কমে গেছে এবং পুরো প্রণালী এখন ইরানের কঠোর নিয়ন্ত্রণে রয়েছে।
Comments