অনলাইনে ব্যক্তিগত ও মোবাইল লোকেশন বিক্রির অভিযোগে গ্রেপ্তার ৫
নাগরিকদের মোবাইল লোকেশন এবং কল ডিটেইলস রেকর্ডসহ (CDR) বিভিন্ন ব্যক্তিগত সংবেদনশীল তথ্য অনলাইনে বিক্রির অভিযোগে একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে র্যাব-২ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তুলে ধরেন।
গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু করে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চক্রের এই পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
আবদুস সালাম সরকার নওগাঁ থেকে, সুব্রত চন্দ্র পাল গাজীপুর থেকে, ইসমাইল হোসেন সোহাগ নোয়াখালী থেকে, এস এম নাফি গোপালগঞ্জ থেকে এবং মেহেদী হাসানকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।
মূলহোতা আবদুস সালাম সরকার চলতি বছরের এপ্রিলে 'ই সেবা টুয়েন্টিফোর ডট টপ' নামের একটি এনক্রিপ্টেড ওয়েবসাইট তৈরি করেন। এই সাইটের মাধ্যমে অর্ডার নিয়ে নির্দিষ্ট অর্থের বিনিময়ে গ্রাহকদের কাছে ব্যক্তিগত তথ্য সরবরাহ করা হতো। গ্রেপ্তার আবদুস সালাম ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত নির্বাচন কমিশন (ইসি) অফিসে অস্থায়ী ভিত্তিতে কাজ করেছিলেন। সুব্রত, ইসমাইল, নাফি ও মেহেদী ফেসবুক পেজে বিজ্ঞাপন দিয়ে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্রাহকদের অর্ডার সংগ্রহ করতেন। পরিচয় গোপন রাখতে তারা বিভিন্ন নামে-বেনামে সিম এবং মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ব্যবহার করতেন।
র্যাব জানিয়েছে, চক্রটি সরকারি সার্ভারের অপব্যবহার করে এই তথ্যগুলো সংগ্রহ করত। তদন্তের স্বার্থে এবং অভিযান চলমান থাকায় সার্ভার ডাটা ফাঁসের সঙ্গে সরাসরি জড়িতদের নাম এখনই প্রকাশ করা হচ্ছে না। তবে এই চক্রের সাথে জড়িতদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা হচ্ছে এবং বাকীদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।
Comments